ইউসেপের ৯৫.৩০ ভাগ শিক্ষার্থী পেল জিপিএ-৫
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অভাবনীয় ফল করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা বেসরকারি সংগঠন ইউসেপের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট কারিগরি বিদ্যালয়গুলো। পাসের হার ৯৯ দশমিক ৬৯। যেখানে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৯। জিপিএ-৫ পেয়েছে ৯৫ দশমিক ৩০ ভাগ শিক্ষার্থী।
সর্বমোট ৩১৯ জন ছাত্রছাত্রী ইউসেপ থেকে এসএসসিতে অংশ নেয়, যার মধ্যে ৩১৮ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন।
ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল, ইউসেপ এ কে খান কালুরঘাট টেকনিক্যাল স্কুল, ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল ও ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলে ৫৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে।
১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও তাদের কারিগরিভাবে দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। বর্তমানে দেশের ১০টি জেলার ৪৪টি সাধারণ শিক্ষা ও ১০টি কারিগরি শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে বছরে প্রায় ৪০ হাজার শিশুকে বিনা মূল্যে শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে।