ইএনটি হাসপাতালে রোগী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে (ইএনটি) আগের তুলনায় রোগী বেড়েছে। রোগীরা বহির্বিভাগে লম্বা লাইন দিয়ে চিকিৎসক দেখাচ্ছেন। অন্তর্বিভাগেও রোগীর সংখ্যা বেড়েছে। তবে কিছু কিছু বিভাগে এখনো পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে।
রোকন উদ্দীন ২০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। কানে চুলকানির সমস্যা নিয়ে এসেছেন। মানুষের কাছে শুনেছেন এখানে চিকিৎসা ভালো হয়। তাই অন্য কোথাও যাননি। গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নিচতলায় বেশ ভিড়। বহির্বিভাগে রোগীরা লম্বা লাইনে দাঁড়ানো। সাতটি কক্ষে চিকিৎসকেরা রোগী দেখছেন। প্রতিটির সামনে একই দৃশ্য। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ১০ টাকা ফি দিয়ে বহির্বিভাগে রোগী দেখা হয়।
বুলবুলি দাস কুড়িগ্রাম থেকে স্বামীকে নিয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এসেছেন। স্বামীর গলায় টিউমারের অস্ত্রোপচার হবে। সিট পাননি বলে এক দিন অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, ‘বছর খানেক ধরে চিকিৎসা করাইছি। এখন অপারেশন লাগব।’ তাসলিমা আক্তার তিন দিন ধরে স্বামীকে ভর্তি করিয়েছেন। কানের সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘অনেকখানে ডাক্তার দেখাইছি, কিছুই হয় নাই। এইখানে আসার পর একটু ভালোই আছে।’ সেবা নিয়েও তাসলিমা সন্তুষ্ট।
তবে ইএনটি হাসপাতালের আইসিইউ এখনো চালু হয়নি। হাসপাতালের পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের আইসিইউ এক্সপার্ট নেই। তাই চালু করতে পারছি না।’ এ ছাড়া অবেদনবিদেরও অভাব রয়েছে বলে জানালেন। হাসপাতালের নোটিশ বোর্ডে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের প্রশিক্ষণ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখা গেল। পরিচালক বললেন, প্রতিটি বিভাগেই অধ্যাপকদের অধীনে প্রশিক্ষণ চলছে।
তেজগাঁওয়ে ইএনটি হাসপাতালটির কার্যক্রম ২০১৩ সালে শুরু হয়। বর্তমানে ১০০ শয্যার ব্যবস্থা রয়েছে। এ বছরের শুরুতেও রোগীর সংখ্যা কম ছিল। তবে এখন রোগী বেড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেল, এখন প্রতিদিন বহির্বিভাগে ৩০০ থেকে ৫০০-এর মতো রোগী আসে। চলতি বছরের জানুয়ারিতেও প্রতিদিন রোগীর সংখ্যা ছিল তিন শর কম। অন্তর্বিভাগেও এখন প্রায় ৯২ শতাংশ থাকে। গত জুন মাসে বহির্বিভাগে রোগী এসেছে ছয় হাজারের বেশি। অস্ত্রোপচার হয়েছে ২০৫টি। পরিচালক বলেন, রোগীর চাপ অনেক। হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা দরকার। অনেকে চলে যাচ্ছেন শয্যা না পেয়ে।