ইএমকে সেন্টারে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন

১৯৯৯ সালে জাতিসংঘের ঘোষণার পর থেকে প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর পৃথিবীজুড়ে উদ্যাপিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন এই মহাকাশ সপ্তাহ। গত বছর ৮০টি দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে সপ্তাহটি। এ বছরও পৃথিবীজুড়েই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহাকাশ সপ্তাহ উদ্যাপিত হচ্ছে।
বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার পাবলিক লেকচার, কর্মশালা, টেলিস্কোপে আকাশ দেখা, তারা চেনা, কম্পিউটারে মহাকাশযানের ত্রিমাত্রিক মডেল তৈরি, কুইজ প্রতিযোগিতাসহ বেশ কিছু আয়োজন করেছিল। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছিল বেশ কিছু পাবলিক লেকচার ও ওয়ার্কশপ। খালি চোখে আকাশের বিভিন্ন তারা ও নক্ষত্রমণ্ডলী চেনার ওপর একটি কর্মশালা পরিচালনা করেন এসপিএসবির অ্যাকাডেমিক দলের সদস্য ওমর ফারুক।

জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের ওপর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। আমাদের এই পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান ও বসবাসের উপযোগী গ্রহ নিয়ে যেসব গবেষণা চলছে, তার ওপর একটি বক্তৃতা দেন ফারসীম। শনিতে মহাকাশযান ক্যাসিনির ২০ বছর দীর্ঘ মিশনের অর্জন নিয়ে অনুষ্ঠিত হয় আরেকটি বক্তৃতা। এতে বক্তা হিসেবে ছিলেন বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য শিবলী বিন সারওয়ার। জ্যোতির্বিজ্ঞানীরা কীভাবে বিভিন্ন গ্রহ-নক্ষত্রের দূরত্ব ও উজ্জ্বলতা পরিমাপ করেন, এসব বিষয় নিয়ে ‘জ্যোতির্বিজ্ঞানে পরিমাপ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন এসপিএসবির একাডেমিক দলের সদস্য ইশতিয়াক আকিব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সঙ্গে যৌথ আয়োজনে নক্ষত্রের উৎপত্তি ও বিবর্তন নিয়ে একটি পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির নির্বাহী সদস্য নিরঞ্জন চন্দ্র রায় এই আয়োজনে কথা বলেন।
এ ছাড়া অনুসন্ধিৎসু চক্রের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয় ‘গল্পের ঢঙে জ্যোতির্বিজ্ঞান’ শীর্ষক একটি পর্ব। এই আয়োজনে মো. শাহজাহান মৃধা বেণু অংশগ্রহণকারীদের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয়, এই ক্ষেত্রে চলমান বিভিন্ন গবেষণা ও বিভিন্ন ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ‘জ্যোতির্বিজ্ঞানে টেলিস্কোপের ব্যবহার শীর্ষক’ সেশনে টেলিস্কোপ ব্যবহার করে রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যাপারটা হাতে-কলমে অংশগ্রহণকারীদের দেখানো হয়। পর্বটি পরিচালনা করেন আজহারুল হক ও মো. মাহফুজুর রহমান।

সায়েন্স অলিম্পিয়াড ব্লগের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছিল মহাকাশবিষয়ক কুইজ প্রতিযোগিতা। কার্টুন পিপলের সঙ্গে আয়োজন করা হয়েছিল একটি কালারিং সেশন। আরও ছিল ভিআরে গেমস খেলার সুবিধা। ইনক্লুশনএক্সের সঙ্গে আয়োজন করা হয়েছিল কম্পিউটারে মহাকাশযানের ত্রিমাত্রিক মডেল তৈরির আয়োজন। ছিল গ্র্যাভিটি ও ইন্টারস্টেলারের মতো মহাকাশ নিয়ে তৈরি সিনেমা দেখার আয়োজন। অংশগ্রহণকারীরা ভিড় জমিয়েছিলেন ইএমকে সেন্টারে থাকা বিভিন্ন স্টলে।
বাংলাদেশ এ বছর প্রথমবারের মতো নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছে। মহাকাশে বাংলাদেশের পদচারণের এই মুহূর্তে বিশ্ব মহাকাশ সপ্তাহের এই আয়োজন নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরিতে বড় ভূমিকা রাখবে।
ইএমকে সেন্টারের এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, ইউনিভার্স অ্যাওয়্যারনেস, অনুসন্ধিৎসু চক্র, সায়েন্স অলিম্পিয়াড ব্লগ, ইনক্লুশনএক্স ও কার্টুন পিপল। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ও ইয়াং অবজারভার।