ইওয়াতের অধিবাসী কুনিও হোশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সংবাদমাধ্যমে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। টেলিভিশনে প্রচারিত খবরে আভাস দেওয়া হয়েছে যে, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার একটি প্রকল্পে কাজ করার জন্য তিনি রংপুরে অবস্থান করছিলেন। নিহত জাপানি নাগরিক উত্তর-পূর্ব জাপানের ইওয়াতে জেলার অধিবাসী বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় জাপানি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের জন্য সতর্কতার একটি বিবৃতি প্রচার করেছে। ভিড়ের জায়গা এড়িয়ে চলা, মোটরসাইকেল সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বন এবং বিনা কারণে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। জাপানের সংবাদমাধ্যমের ইন্টারনেট সংস্করণ কুনিও হোশির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার খবর দিয়ে বলেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জঙ্গিদের জড়িত থাকা বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
জাপানের সংবাদমাধ্যমে গতকাল বলা হয়, বিশ্বের চারটি অঞ্চলে সন্ত্রাসবাদ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে জাপান। আগামী বছরের এপ্রিল থেকে এই গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় জাপানি দূতাবাসের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করার জন্য স্থানীয় ভাষা জানা জাপানিদের নিয়োগ দেওয়া হবে। এ বছরের শুরুতে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিরা দুজন জাপানি নাগরিকের শিরশ্ছেদ করার পর থেকে সন্ত্রাসী তৎপরতার ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা জাপান উপলব্ধি করতে শুরু করে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা জাপান সরকারের সেই উদ্যোগকে এখন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।