ইকবাল আজাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার বিকেলে পালিত হয়েছে। উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় জনতার ঢল নামে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। জয়নাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল বাহার, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইকবাল আজাদের সহধর্মিণী উম্মে ফাতেমা নাজমা আজাদ, যুগ্ম আহ্বায়ক আবদুর রাশেদ, এ কে এম জাহাঙ্গীর আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান শের আলম মিয়া প্রমুখ। বক্তারা ইকবাল আজাদ হত্যার দ্রুত বিচার দাবি করেন।
২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় কোন্দলে খুন হন উপজেলা আওয়ামী লীগের জে৵ষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ। এ ঘটনায় তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক ও তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।