ইকবাল মাহমুদ বিটিআরসির নতুন চেয়ারম্যান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সিনিয়র সচিব ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন ইকবাল মাহমুদ। তিনি সুনীল কান্তি বোসের স্থলাভিষিক্ত হবেন। সুনীল কান্তি বোস ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর তিন বছরের চুক্তিতে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন। তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২২ অক্টোবর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন, ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তাঁর অভোগকৃত অবসর ছুটি বাতিলের শর্তে আগামী ২৩ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক একই আইনের ৭ (১) ধারা অনুযায়ী তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।’
ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেন।
মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে অবসর উত্তর ছুটি ভোগরত ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।