ইকবাল মাহমুদকে খালাস দেওয়া রায় বাতিল
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনরায় আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। টুকুর পক্ষে ছিলেন আইনজীবী মৌলভী ওয়াহিদুল্লাহ।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনরায় আপিল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। ফলে টুকুর আপিল বহাল থাকছে।
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৫ নভেম্বর টুকুকে পৃথক ধারায় ৯ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।
ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন টুকু। শুনানি শেষে ২০১১ সালের ১৬ জুন হাইকোর্ট তাঁর আপিল মঞ্জুর করে খালাস দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক। আজ দুদকের আবেদন নিষ্পত্তি করে আদালত আদেশ দিলেন।