ইকবাল-শওকতকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে শওকতকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, রাজউকের সাবেক চেয়ারম্যানের জামিন আবেদন করলে তা নাকচ করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর পারটেক্স গ্রুপের পরিচালককে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল দুদক। তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজকে আজ ভোরে রাজধানী থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইকবাল ও শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের তৎকালীন বোর্ডের ছয়জন এবং দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাঁটিয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে ২০ কাঠা জমি বরাদ্দ করেন। যদিও তাঁরা জমির জন্য আবেদন করেননি।