ইকবাল সোবহানকে সংসদে তলবের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশনের অভিযোগে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ উঠেছে। ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে সংসদে তলবের দাবি করে নোটিশটি উত্থাপন করেছেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক।
নোটিশটি উত্থাপনের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী তা আমলে নেন। পরে সংসদের অনুমতি নিয়ে তা যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
স্পিকার এই কমিটির সভাপতি। সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কমিটির সদস্য। এর আগে নবম ও দশম সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের কোনো নোটিশ গ্রহণ করা হয়নি।
নোটিশে বলা হয়, ‘দেশে ড্রাগ ডিলারদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে সাংসদদের বিশেষ অধিকার ও মান ক্ষুণ্ণ হয়েছে বলে এনামুল হক নোটিশে উল্লেখ করেন।
এর আগে গত বুধবার শামীম ওসমান একই সংবাদ নিয়ে ইকবাল সোবহানের কঠোর সমালোচনা করেন এবং তাঁকে সংসদে তলবের দাবি করেন। তিনি বলেন, ‘দলের লোক, সুযোগ-সুবিধা নেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। তাঁর পত্রিকায় লেখা হলো, এমপিরা ড্রাগ ডিলার।’ শামীম ওসমান আরও বলেন, ‘এই ভদ্রলোক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দিতে সই করেছিলেন। জামায়াতের প্রকাশিত বইয়ে লেখা আছে। কে এই লোক? আমাদের মধ্যে ঘোরাফেরা করে, ভদ্রলোক আমাদের কৃপায় টিকে আছেন, ইকবাল সোবহান চৌধুরী।’
গতকাল নোটিশ উত্থাপন করতে গিয়ে এনামুল হক বলেন, ‘সংসদ সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই সংবাদ পরিবেশন করা হয়েছে। মিথ্যা, বানোয়াট খবর দিয়ে আমাদের বিতর্কিত করেছে। এতে প্রধানমন্ত্রীর সম্মানহানি হয়েছে। আমরা কোনো সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করতে চাই না। আমাদের কারণে যদি তাঁর সম্মানহানি হয়, তাহলে আমরা সংসদ সদস্যপদ ছেড়ে চলে যাব।’
স্পিকারকে উদ্দেশ করে এনামুল হক বলেন, ‘আপনি সংসদের অভিভাবক। তাঁরা কেন এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন, সে জন্য আপনি তাঁদের সংসদে ডাকেন, তাঁদের তলব করে তথ্য চান। তাঁরা যদি তাঁদের প্রকাশিত সংবাদের সত্যতা প্রমাণ করতে পারেন, আমরা পদত্যাগ করব। আর প্রমাণ না দিতে পারলে তাঁদের শাস্তির বিধান করা হোক। আমি ওই পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। আমি সব ধরনের আইনি পদক্ষেপ নেব।’
স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়াও বিশেষ অধিকার কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী আনিসুল হক, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং এইচ এন আশিকুর রহমান, মো. শাহাব উদ্দিন, রুস্তম আলী ফরাজী, জিয়াউল হক মৃধা ও ফজিলাতুন্নেসা বাপ্পী।
বিএফইউজে-ডিইউজের প্রতিবাদ
গণমাধ্যম নিয়ে সাংসদ শামীম ওসমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এখানে যাঁদের কথা বলার এখতিয়ার নেই, তাঁদের সম্পর্কে এ রকম ঢালাও মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পর্কে শামীম ওসমান যে বক্তব্য দিয়েছেন, সেটিকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে তিনি প্রতিবাদ করতে পারেন অথবা প্রেস কাউন্সিলে যেতে পারেন। কিন্তু যাঁর কোনো এখতিয়ার নেই সংসদে কথা বলার, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়া অবশ্যই শিষ্টাচারবর্জিত আচরণ। এ বিষয়ে সাংবাদিক নেতারা জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।