দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী ও তিন সন্তান ছয় মাসের জামিন পেয়েছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ফলে এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম, ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের কারাগার থেকে মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী।
ওই মামলায় এই চারজনকে ৮ মার্চ কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-১। নির্ধারিত সময়ে আপিল না করায় সাজার রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি বিলম্ব মার্জনা চেয়ে পরদিন তাঁরা হাইকোর্টে আবেদন করেন। গত বুধবার হাইকোর্ট বিলম্ব মার্জনা মঞ্জুর করেন। এরপর আপিলের গ্রহণযোগ্যতার সঙ্গে জামিনের আবেদনের ওপর গতকাল শুনানি হয়।
ইকবালের পরিবারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চারজনের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
২০০৭ সালের ২৭ মে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী ও তাঁদের তিন সন্তানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। আদালত ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে পৃথক দুটি ধারায় ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন। তাঁর স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এই মামলায় ইকবালকে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাইকোর্ট খালাস দেন।