ইকরচালী কৃষি বাজারটি এখন জুয়াড়িদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত কৃষি বাজারটি জুয়াড়িদের আখড়ায় পরিণত হয়েছে৷ এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়াসহ নিঃস্ব হচ্ছেন অনেকেই৷ চোখের সামনে এই অবস্থা চললেও প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাজারটি চালু বা জুয়া বন্ধে নির্বিকার৷
লক্ষ্মীপুর গ্রামের সুলতানের স্ত্রী মনজিলা খাতুন (২৯) বলেন, ‘কাম-কাইজ না করি মোর স্বামী দিন রাইত ওই বাজারোত বসি জুয়া খেলে। এই জুয়া মোর সংসার নরবরা করি দিছে।’ সরকারপাড়া কৃষক গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘বাজারটি কৃষকদের কোনো কাজে আসছে না৷ তবে জুয়াড়িদের আসর বসানোর ভালো একটা জায়গা হয়েছে৷ দিনরাত এখানে জুয়ার আসর চলে৷ এলাকার উঠতি ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে৷ থানা-পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি৷’
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, কৃষকদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করাই ছিল বাজারটি নির্মাণের মূল উদ্দেশ্য৷ কৃষি মন্ত্রণালয়ের পাইকারি বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ২০০৫ সালে ইকরচালী বাজারের পশ্চিম দিকে এটি নির্মাণ করা হয়৷
উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, কৃষক ও ব্যবসায়ীদের অবিক্রীত পণ্য আবার বাড়ি বয়ে নেওয়ার ঝামেলা এড়াতে স্বল্প ভাড়ায় গুদামঘরের ব্যবস্থা রাখা হয়৷ এ জন্য বাজার চত্বরে দুটি গুদামও নির্মাণ করা হয়৷
উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান বলেন, ‘বাজারটি নির্মাণে ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে৷ আমরা যথাসময়ে এর নির্মাণকাজ শেষ করে উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করি৷’
ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বাজারটি চালু হলে কৃষক ও ব্যবসায়ীদের ভাগ্যের চাকা ঘুরে যেত৷ কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতেন৷
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, জুয়াড়িদের উচ্ছেদে শিগগিরই বাজারটিতে অভিযান চালানো হবে। বাজারের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা বলেন, বাজারটি চালুর পরিকল্পনা চলছে৷