ইকরামুলও চলে গেল না ফেরার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও এক শিক্ষার্থী গতকাল শুক্রবার সকালে মারা গেছে। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল ভোরে সেও চলে গেছে না ফেরার দেশে। তার নাম ইকরামুল হোসেন। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। সে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের কৃষক মনির হোসেনের ছেলে।
গতকাল বিকেলে ইকরামুলের লাশ নিয়ে অ্যাম্বুলেন্স ছোট আঁচড়া গ্রামে পৌঁছলে মা-বাবা আর একমাত্র বোনের আহাজারিতে হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তাকে একনজর দেখার জন্য গ্রামের মানুষ ভিড় করে বাড়িতে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গত ১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের একটি বাস চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। তাঁদের মধ্যে তিনজন এখনো যশোর সিএমএইচ ও একজন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। এ ব্যাপারে পুলিশ চৌগাছা থানায় চারজনকে আসামি করে মামলা করে। ওই মামলার দুই আসামি বাসচালক ইসরাফিল ও সহকারী মহরম আলী আত্মসমর্পণ করেন।
ইকরামুলের বাবা প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল পাঁচটা ৫০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে ইকরামুল। দুর্ঘটনার পর তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। আট দিন পর জ্ঞান ফিরলে সে ওই দিন চা-বিস্কুট ও পানি খেয়েছিল। এরপর সে আবার জ্ঞান হারায়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।’
যশোর সিএমএইচের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আমিনুল ইসলাম জানান, ইকরামুলকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। মাঝে একদিন তাঁর জ্ঞান ফিরলেও আবার সে জ্ঞান হারায়। পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।