ইকসিডে নাইকোর সব অভিযোগেরই শুনানি হবে
বিদেশি বিনিয়োগ নিয়ে বিতর্ক নিরসন-সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড)’-এ নাইকোর দায়ের করা কোনো মামলা খারিজ হয়নি; বরং নাইকোর সব অভিযোগ মামলার পরবর্তী কার্যক্রমে অন্তর্ভুক্ত রেখেছে ইকসিড। নাইকোর অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ট্রাইব্যুনালের এখতিয়ার নির্ধারণ বিষয়ে গত মঙ্গলবার দেওয়া ইকসিডের ১৭৫টি অনুচ্ছেদসংবলিত ১৫৫ পৃষ্ঠার আদেশ পর্যালোচনা করে এবং অভিজ্ঞ কয়েকজন আইনজীবীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড ইকসিডে দুটি মামলা দায়ের করেছিল। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষের আইনজীবীরা বলেছিলেন, নাইকোর এই মামলা করার অধিকার নেই। কারণ, নাইকো যে যৌথ চুক্তির (জেভিএ) অংশীদার, সেই চুক্তিটিই করা হয়েছিল অসদুপায় অবলম্বন করে।
এ সম্পর্কে ইকসিডের আদেশের ১০৩ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এ-সংক্রান্ত একটি মামলার রায়ে বাংলাদেশের হাইকোর্ট ২০১০ সালের ৫ মে বলেছেন, যৌথ অংশীদারত্ব চুক্তিটি অসদুপায় অবলম্বন করে করা হয়নি। ওই রায়ে নাইকোর প্রতি নির্দেশনা দেওয়া হয় জেলা জজ আদালতে চলমান মামলার রায় অনুযায়ী (টেংরাটিলা বিস্ফোরণের) ক্ষতিপূরণ দিতে। আর পেট্রোবাংলাকে বলা হয়, ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে কোনো টাকা দেওয়া যাবে না।
নাইকোর মামলা নিষ্পত্তির এখতিয়ার ইকসিডের নেই বলেও বাংলাদেশের পক্ষের আইনজীবীরা ইকসিডে যুক্তি তুলে ধরেছেন। গত মঙ্গলবার ইকসিড যে আদেশ দিয়েছে, তা হলো এই পর্যায়ে শুধু ট্রাইব্যুনালের এখতিয়ার প্রশ্নে।
নাইকোর দায়ের করা একটি মামলার নম্বর এআরবি/১০/১১, অন্যটি এআরবি/১০/১৮। ইকসিড উভয় পক্ষের সম্মতিতে দুটি মামলার কার্যক্রম একই সঙ্গে চালিয়েছে এবং একটিই আদেশ দিয়েছে।
প্রথম মামলার বিষয়বস্তু ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্রে দুটি বিস্ফোরণের দায় নাইকোর ওপর বর্তায় কি না এবং বাংলাদেশ ও পেট্রোবাংলা এই ক্ষতিপূরণ দাবি করতে পারে কি না। নাইকোর বিরুদ্ধে এ বিষয়ে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে বাংলাদেশ ও পেট্রোবাংলার মামলা চলছে।
ইকসিড তার আদেশের বিভিন্ন অনুচ্ছেদে এ সম্পর্কে বাদী-বিবাদী উভয় পক্ষের যুক্তি তুলে ধরে বিষয়টি ব্যাখ্যা করেছে। তার ভিত্তিতে আদেশের ৫০৬ অনুচ্ছেদে ইকসিড বিষয়টির সমাপ্তি টেনেছে। ট্রাইব্যুনাল যখন মামলার মূল বিষয়বস্তু (মেরিটস অব দ্য ডিসপিউটস) নিয়ে কাজ করবে, তখন এ বিষয়টি বিবেচনা করা হবে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী শরিফ ভূইয়া প্রথম আলোকে বলেন, ৫০৬ অনুচ্ছেদে ইকসিড যা বলেছে তার অর্থ হলো, নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবি করে যে মামলাটি ঢাকার জজ আদালতে বিচারাধীন, সেটি ইকসিডেরও বিবেচনার বিষয় হিসেবে আছে এবং বিষয়টি ইকসিডের এখতিয়ারভুক্ত। এ কথা ইকসিডের আদেশের পাঁচটি সিদ্ধান্তের প্রথমটিতেই বলা হয়েছে।
সেখানে নাইকোর আরও একটি অভিযোগ সম্পর্কে বলা হয়েছে। সে অভিযোগটি হলো যৌথ অংশীদার হওয়া সত্ত্বেও বাপেক্স নাইকোকে সহযোগিতা করে না। এ বিষয়টিও ট্রাইব্যুনাল বিবেচনা করার এখতিয়ার রাখেন বলে সিদ্ধান্তে বলা হয়। মূল মামলার শুনানির সময় এসব বিষয়ের ফয়সালা হবে।
শরিফ ভূইয়া বলেন, কাজেই ক্ষতিপূরণ আদায়ের সব বাধা দূর হলো, এটা বলার সময় এখনো আসেনি। চূড়ান্ত রায়ের পরই বলা যাবে, ইকসিড এ বিষয়ে কিছু বলবে কি না। তবে এই মামলার পক্ষ বা বিবাদী হিসেবে বাংলাদেশ রাষ্ট্র আর থাকবে না। বিবাদী থাকবে পেট্রোবাংলা ও বাপেক্স।
সে ক্ষেত্রে বাংলাদেশের আদালতের রায় এবং ইকসিডের রায় যদি আলাদা হয় তখন কী হবে, জানতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আরও কয়েকজন আইনজীবী বলেন, তখন ইকসিডের রায়কেই কার্যকর করতে হবে। অন্যথায় বাংলাদেশ আন্তর্জাতিক আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে।
আইনজীবীরা সাইপেম মামলার উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের আদালত রায় দিয়েছিলেন, সাইপেম ক্ষতিপূরণ পাবে না। তখন সাইপেম ইকসিডে গিয়েছিল। সেখানে রায় হয়েছিল সাইপেমের পক্ষে। বাংলাদেশ তখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই রায়ই কার্যকর করেছিল। অবশ্য সাইপেমের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের পরিমাণ কিছুটা কমাতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।
নাইকোর দ্বিতীয় মামলার বিষয়বস্তু ছিল, পেট্রোবাংলা ফেনী গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের দাম পরিশোধ বন্ধ রাখতে পারে কি না। এ সম্পর্কেও ইকসিড উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে বলেছে, গ্যাস কেনাবেচা চুক্তির (জিপিএসএ) অধীনে এ বিষয়টিও ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত।
ইকসিডে বিভিন্ন দেশের মামলার নিবিড় পর্যবেক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল হাদী প্রথম আলোকে বলেন, মূল অভিযোগ নিষ্পত্তির বিষয়ে ইকসিড কোনো আদেশ দেয়নি। সেটা যখন দেবে তখন ক্ষতিপূরণ ও গ্যাসের দাম পরিশোধ—দুটি বিষয়েই সিদ্ধান্ত পাওয়া যাবে।
ইকসিডের সিদ্ধান্ত পাঁচটি: গত মঙ্গলবার ইকসিড তার আদেশে পাঁচটি সিদ্ধান্ত দিয়েছে। প্রথমটিতে বলা হয়েছে নাইকো তার কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়ে যে ঘোষণা চেয়েছে, নাইকো-বাপেক্স জেভিএর অধীনে তেমন ঘোষণা দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের আছে। নাইকো তার অংশীদার হিসেবে বাপেক্সের সহযোগিতা না পাওয়ার যে অভিযোগ করেছে, সেটিও ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত।
দ্বিতীয় সিদ্ধান্ত হলো নাইকো পেট্রোবাংলার বিরুদ্ধে গ্যাসের দাম পরিশোধ না করার যে অভিযোগ করেছে, জিপিএসের অধীনে সে অভিযোগ এবং এর সঙ্গে বাপেক্সের যোগসূত্র নিষ্পত্তির এখতিয়ারও ট্রাইব্যুনালের আছে।
তৃতীয় সিদ্ধান্ত হলো বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে কোনো অভিযোগ নিষ্পত্তির এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। তাই এই মামলায় পক্ষ হিসেবে বাংলাদেশ রাষ্ট্র বিবাদী হিসেবে থাকবে না।
চতুর্থ সিদ্ধান্ত হিসেবে আছে এই মামলা কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট আইনের অধীনে ট্রাইব্যুনাল পৃথক আদেশে নির্দেশনা দেবেন।
পঞ্চম সিদ্ধান্ত হলো ট্রাইব্যুনালের এখতিয়ার নির্ধারণ পর্যায়ের কার্যক্রমের ব্যয় নির্বাহ সম্পর্কে সিদ্ধান্ত ট্রাইব্যুনাল সংরক্ষণ করছেন।
যোগাযোগ করা হলে সরকারপক্ষের আইনজীবী তৌফিক নেওয়াজ গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, তাঁদের যা বলার, তা পেট্রোবাংলাকে বলা হয়েছে। এখন কিছু বললে পেট্রোবাংলা বলবে।
গত মঙ্গলবার পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ইকসিডে নাইকোর মামলা খারিজ হয়ে গেছে।
জানতে চাইলে ইকসিডে নাইকোর অন্যতম আইনজীবী আজমালুল হোসেন কিউসি প্রথম আলোকে বলেন, ইকসিডে নাইকোর মামলা খারিজ হয়নি। ট্রাইব্যুনাল তাঁর এখতিয়ার কতটুকু, সে সম্পর্কে আদেশ দিয়েছেন। তাতে পক্ষ হিসেবে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পেট্রোবাংলা ও বাপেক্সের বিরুদ্ধে মামলা চলবে। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে মামলার মূল বিষয়বস্তু নিয়ে শুনানি শুরু হবে। ওই শুনানির পর চূড়ান্ত রায় পাওয়া যাবে।