ইকুয়েডরে জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন
চট্টগ্রামভিত্তিক জাহাজনির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে ইকুয়েডরে একটি জাহাজ রপ্তানি করা হয়েছে। গতকাল সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এমভি স্টেলা আটলান্টিক’ জাহাজটি হস্তান্তর করা হয়। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে জাহাজ রপ্তানি হলো।
জাহাজটি হস্তান্তর উপলক্ষে প্রমোদতরি ওয়েস্টার্ন ক্রুজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, জাহাজ আমদানিকারকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
‘এমভি স্টেলা আটলান্টিক’ জাহাজটি দৈর্ঘ্যে ৮৮ দশমিক ৬ মিটার। পানামার পতাকাবাহী জাহাজটিতে ৬০ টন পণ্য উত্তোলন করার ক্ষমতাসম্পন্ন দুটি ক্রেন রয়েছে। বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী জাহাজটিতে ১৯৭ একক কনটেইনার পরিবহনও সম্ভব।