ইকো-ট্যুরিজম না হলে টেকসই পর্যটন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় টেকসই পর্যটন উন্নয়নে ইকো-ট্যুরিজমের ধারণায় স্থানীয় অংশগ্রহণ ও প্রতিবেশ সংরক্ষণমূলক সামগ্রিক নীতিমালার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। কর্মপরিকল্পনা ছাড়া শুধু বাইরে থেকে এসে পর্যটনে বিনিয়োগ করলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংকট তৈরি হবে এবং পর্যটনও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হবে না।

গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘পর্যটন-গন্তব্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় পর্যটনে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা এ রকম মতামত তুলে ধরেছেন।

সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন, সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার চম্পারানী সাহা।

পার্বত্য চট্টগ্রামে পর্যটনের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন পর্যটন-বিশেষজ্ঞ মাইক ফেব্রিসিয়াস ও ইসিমোডের হিমালিকা প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী সুরেন্দ্র রাজ জোশি। বান্দরবান জেলা পরিষদ ও ইসিমোডের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।

মাইক ফেব্রিসিয়াস মূল প্রতিপাদ্যে বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন ও বিকাশে হৃৎপিণ্ড হতে পারে। এ জেলার পর্যটন উন্নয়নে দুটি অঞ্চল—রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা নিয়ে ইকো-ট্যুরিজম অঞ্চল ও লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে সাধারণ পর্যটন অঞ্চল হতে পারে। ইকো-ট্যুরিজম অঞ্চলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে বৈচিত্র্যপূর্ণ সামাজিক-সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ন রেখে অন্তর্ভুক্তিমূলক পর্যটন গড়ে তুলতে হবে।

ইসিমোডের সুরেন্দ্র রাজ জোশি বলেন, পর্যটন একটি জটিল শিল্প। এটির সঠিক ব্যবস্থাপনা করতে সক্ষম না হলে মন্দের দিক যেমন রয়েছে, তেমনি সঠিক ব্যবহারে সমাজে বহু স্তরের মানুষের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দরজা খুলে যেতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, বান্দরবানে পর্যটন গন্তব্য নির্ধারণ করা রয়েছে। শুধু সেগুলোকে আকর্ষণীয় ও পর্যটকদের বিনোদনবান্ধব পরিবেশ তৈরি করে নিতে হবে। তিনি বলেন, সমতলের লোকজন দিয়ে করার চেয়ে স্থানীয় লোকজনের বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই পর্যটন উন্নয়ন করতে হবে। স্থানীয় মানুষ উপকৃত না হলে কোনো পরিকল্পনা টেকসই হবে না। এ ছাড়া সড়ক যোগাযোগের মানোন্নয়ন করা জরুরি বলে পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেই নীতিমালার ভিত্তিতে স্থানীয় লোকজন উপকৃত হতে পারে, এমন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং কর্মপরিকল্পনার ভিত্তিতে পর্যটন উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।