ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক মো. শামীম আহসানের সই করা ওই প্রতিবাদ ব্রিটিশ সাময়িকীর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।ইকোনমিস্ট-এর গত ৩০ জুলাই সংখ্যায় ’ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এমব্রেসেবল ইউ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত। ভারতীয় অর্থ ও পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হতে শুরু করে। ভারতকে খুশি করতে বাংলাদেশ সরকার জঙ্গি ও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি দেশের ভারতবিদ্বেষী রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করে।ট্রানজিট প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর লোকজনসহ ঢাকার অনেকেরই সন্দেহ, ট্রানজিট ভারতের জন্য একটি নিরাপত্তা করিডর তৈরির জন্যই চালু করা হচ্ছে।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার পৃষ্ঠার ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘ভুল তথ্য ও ভুল ধারণার ওপর ভিত্তি করে কোনো ধরনের গবেষণা ছাড়া যে প্রতিবেদন ছাড়া হয়েছে, তাতে আমরা হতাশ হয়েছি।’ প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, ‘প্রতিবেদনটি গভীর মনোযোগ দিয়ে লক্ষ করলে বুঝতে অসুবিধা হয় না যে, এটি বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারী মহলের এজেন্ডা বাস্তবায়ন করছে।’বিবিসিকে বীণা সিক্রি: এ বিষয়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি গত রাতে বিবিসিকে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্প্রতি উন্নতি ঘটেছে এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে ভারত এর আগের সরকারের সঙ্গেও একইভাবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল। এটা ঠিক নয় যে, ভারত শুধু বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।