ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক সাপ্তাহিক দি ইকোনমিস্ট পত্রিকায় সম্প্রতি প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবাদে বলা হয়, প্রতিবেদন দুটিতে বাংলাদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে এবং জাতীয় ইস্যু সমাধানে নির্লজ্জভাবে অযাচিত বিদেশি হস্তক্ষেপের আমন্ত্রণ জানানো হয়েছে। খবর বাসসের।প্রতিবাদে আরও বলা হয়, ঢাকা লক্ষ করছে যে, কয়েক বছর ধরে পত্রিকাটিতে বিশেষ করে, বাংলাদেশ সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনগুলোর গুণগত মান ও বস্তুনিষ্ঠতার ক্রমশ অবনতি হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে এ ধরনের বিদ্বেষমূলক প্রতিবেদন ঢাকাকে সন্দিগ্ধ করে তুলেছে। দৃশ্যত, দেশের ইতিহাসে সবচেয়ে দৃঢ় জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গুজবনির্ভর সম্পূর্ণ ভুল ও অসত্য তথ্যে পরিপূর্ণ এ দুটি প্রতিবেদন পরিবেশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদে বলা হয়, গত ২৬ মে দি ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত ‘পলিটিক্স ইন বাংলাদেশ: ব্যাংগ্ড অ্যাবাউট’ এবং ‘বাংলাদেশ’স টক্সিক পলিটিক্স: হ্যালো দিল্লি’ শীর্ষক প্রতিবেদন দুটি পক্ষপাতদুষ্ট। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। অথচ গত তিন বছরে বাংলাদেশের অর্জনকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে ইকোনমিস্ট-এর প্রতিবেদককে কিছু খোঁজখবর নেওয়া ও অনুসন্ধান করা উচিত ছিল। তাঁদের জানা উচিত, বাংলাদেশ ১৭ কোটি গরিব মুসলমানের দেশ নয়। প্রতিবাদলিপিতে ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদককে বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সঠিক তথ্যটি জানারও অনুরোধ করা হয়।