যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুলের বিষয়ে আদেশের দিন এক মাস পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। গতকাল মঙ্গলবার এই আদেশের জন্য দিন ধার্য ছিল।গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্ট-এর চীন সংস্করণের সম্পাদক রব গিফোর্ড ও দক্ষিণ এশীয় ব্যুরো প্রধান এডাম রবার্টসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন কার্যক্রম হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন এই ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যানের ই-মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করে গোপনীয়তা নষ্টের অভিযোগে এই রুল জারি করা হয়। ওই সময় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। তিনি পদত্যাগ করলে বিচারপতি এ টি এম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ইকোনমিস্ট-এর পক্ষে রুলের লিখিত জবাব দিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সুলতান মাহ্মুদ। গত ১৮ জুলাই শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।নিজামীর বিরুদ্ধে আরও পাঁচ সাক্ষী: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাঁচজন সাক্ষীকে তালিকাভুক্ত করে সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন।গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এই মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাঁচজন সাক্ষী তালিকাভুক্ত করে তাঁদের সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন। পরে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ আগস্ট (বৃহস্পতিবার) দিন ধার্য করা হয়।