ইকোনমিস্টের বিরুদ্ধে রুলের শুনানি শুরু
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে গতকাল মঙ্গলবার শুনানি শুরু হয়েছে। ১৮ জুন এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল ইকোনমিস্ট-এর পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। শুনানিতে তিনি বলেন, ইকোনমিস্ট-এর বিরুদ্ধে একমাত্র অভিযোগ হলো ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। এ ধরনের কোনো নজির নেই যে একজন বিচারপতির সঙ্গে সাংবাদিকদের সরাসরি যোগাযোগ আদালতের জন্য অবমাননাকর।মোস্তাফিজুর রহমান বলেন, ইকোনমিস্ট জানিয়েছে, ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যানের সঙ্গে আহমেদ জিয়াউদ্দিনের কথিত স্কাইপ সংলাপ তারা তৃতীয় ব্যক্তির কাছ থেকে পেয়েছে। তৃতীয় ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য সাংবাদিকতার স্বাভাবিক নিয়ম অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হয়। এ জন্য তাঁরা বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছেন, এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তিনি আদালত অবমাননার অভিযোগ থেকে ইকোনমিস্ট-এর অব্যাহতির আরজি জানান।পরে ১৮ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ এ বিষয়ে জবাব দেবে।গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্ট-এর চীন সংস্করণের সম্পাদক রব গিফোর্ড এবং দক্ষিণ এশীয় ব্যুরোর প্রধান অ্যাডাম রবার্টসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন কার্যক্রম হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন এই ট্রাইব্যুনাল। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। ৯ ডিসেম্বর থেকে একটি জাতীয় দৈনিক বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের কথিত স্কাইপ কথোপকথন ধারাবাহিকভাবে ছাপা শুরু করে। ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক।