ইকোনমিস্টের বিশ্ব গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিষয়ক প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশ্বের ১৬৭টি দেশের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ৮৩তম। গত সোমবার এই সূচক প্রকাশ করেছে ইকোনমিস্টের বিশেষ শাখা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইই)। খবর বাসসের।ইআইই ২০০৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই সূচক তৈরি করছে। এর আগের বার ২০০৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম।গণতান্ত্রিক দেশগুলোয় ভিন্ন ভিন্ন পাঁচটি বিষয়ের মূল্যায়নের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। বিষয়গুলো হলো, নির্বাচন প্রক্রিয়া ও বহু পক্ষের অংশ গ্রহণ, নাগরিক স্বাধীনতা, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশ গ্রহণ ও রাজনৈতিক সংস্কৃতি।সবগুলো সূচকের মূল্যায়নের পর সামষ্টিকভাবে বাংলাদেশ পেয়েছে ১০-এর মধ্যে ৫ দশমিক ৮৭ পয়েন্ট। আর ১০-এর মধ্যে ৯ দশমিক ৮ পয়েন্ট পেয়ে গণতন্ত্রের সূচকে শীর্ষ অবস্থানে আছে নরওয়ে। ১ দশমিক ৪ পয়েন্ট পেয়ে সবার পেছনে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ৪০তম, শ্রীলঙ্কা ৫৫তম, পাকিস্তান ১০৪তম, নেপাল ১০৮তম ও আফগানিস্তান আছে ১৫০তম স্থানে। মালদ্বীপকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। শীর্ষ পাঁচটি দেশ হলো, যথাক্রমে নরওয়ে, আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও নিউজিল্যান্ড।