ইকোপার্কে কুমিরের কামড়ে পর্যটকের মৃত্যু
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা এলাকার টেংরাগিরি ইকোপার্কে কুমিরের কামড়ে আসাদুজ্জামান ওরফে রনি (২৯) নামের এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাবরক্ষক গোলাম মোস্তফার ছেলে। বন্ধুদের সঙ্গে তিনি ইকোপার্কে বেড়াতে এসেছিলেন।
আসাদুজ্জামানের বন্ধুরা জানান, আসাদ মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে এমবিএতে অধ্যয়নরত ছিলেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে একটার দিকে আসাদুজ্জামান, তাঁর খালাতো ভাই আল আমিন, বন্ধু আবু সালেহ, বন্ধুর স্ত্রী লাইজু বেগমসহ পাঁচজন সোনাকাটা ইকোপার্কে বেড়াতে আসেন। এ সময় তাঁরা কুমির দেখার জন্য প্রজননকেন্দ্রের পুকুরের কাছে যান। কিন্তু পুকুরে কুমির না দেখে আসাদুজ্জামানসহ তিনজন কুমির প্রজননকেন্দ্রের পুকুরে নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ঢোকেন। এ সময় আসাদ পুকুরের পানি নাড়াচাড়া করতে থাকলে পুকুরপাড়ে ঝোপের মধ্যে থাকা একটি কুমির আসাদকে থাবা দেয়। কুমিরটি আসাদের হাত কামড়ে ধরে।
এ সময় তাঁর খালাতো ভাই ও বন্ধু দুজনে মিলে আসাদের আরেক হাত ধরে টেনে কুমিরের মুখ থেকে তাঁকে ছাড়িয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কুমিরটি আসাদকে নিয়ে পুকুরে নেমে পড়ে। প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি বলেন, কুমিরটি আসাদকে কামড়ে ধরে পুকুরের চারদিকে ঘুরতে থাকে। আধা ঘণ্টা পর কুমিরটি তাঁকে ছেড়ে দেয়। ততক্ষণে আসাদ মারা যান।
আসাদের বন্ধু আবু সালেহ বলেন, ‘আমরা কুমিরের পুকুরের পাশে গিয়ে কুমির না দেখে বেষ্টনীর মধ্যে প্রবেশ করি। এ সময় আসাদ পুকুরের পানিতে নাড়া দিলেই কুমির আমাদের ওপর আক্রমণ করে। কুমিরটি আসাদুজ্জামানের হাত কামড়ে ধরে। আমরা দুজনে মিলে টানাটনি করে তাঁকে রক্ষা করতে পারিনি।’
খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে যান। লাশ খুঁজে না পাওয়ায় বেলা সাড়ে তিনটার দিকে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন রশির সঙ্গে নোঙর বেঁধে আসাদুজ্জামানের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।