ইচ্ছা করলেই যে কেউ মাদক থেকে দূরে থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক গ্রহণকারীকেই মাদক ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছা করলে যেকোনো ব্যক্তি মাদক থেকে দূরে থাকতে পারেন। মাদক ত্যাগ করার জন্য প্রথমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত শনিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৭ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের ভেতর থেকে মাদক ছাড়ার তাগিদ অনুভব না করবেন, ততক্ষণ তিনি মাদক থেকে ফিরে আসতে পারবেন না। যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, মাদকসেবীদের সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে।অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, মেখলা সরকার, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।বক্তারা সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ মে বিকেল সাড়ে চারটায় ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৮ অনুষ্ঠিত হবে।