ইচ্ছা করলেও নিরপেক্ষ থাকতে পারে না কেউ
একটি সংঘর্ষের ঘটনায় গ্রাম পুলিশ আবুল কাছেদ মোল্লার (৫৩) ডান পা পুরোপুরি ভেঙে গেছে। একই সংঘর্ষে ছেলে নাহিদ মোল্লার (১৭) ডান চোখ পুরো নষ্ট হয়ে গেছে। নবগঙ্গা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র নাহিদ নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারেনি। কাছেদ মোল্লা পা ভাঙা সারতে কবিরাজি চিকি ৎসা নিচ্ছেন। আর চিকি ৎসকেরা জানিয়েছেন, নাহিদের চোখ আর ভালো হবে না।আধিপত্য বিস্তারের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের অধিকাংশ পরিবার কাছেদ মোল্লার পরিবারের মতো বিভিন্ন ধরনের দুর্ভোগের শিকার। সর্বশেষ গত ২৩ অক্টোবর থেকে তিন দিন ধরে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পুলিশের ওপর হামলার অভিযোগে ৭১ জনসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের নামে মামলা হয়। গ্রেপ্তারের ভয়ে এক মাস ধরে পুরো গ্রাম এখন পুরুষশূন্য। সম্প্রতি কেউ কেউ জামিন নিয়েছেন।সরেজমিনে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই যুগ ধরে গ্রামের মোল্লা ও খাঁ বংশের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন মোল্লা বংশের নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা ও খাঁ বংশের নেতৃত্বে আছেন শওকত আলী খাঁ। গ্রামের অন্য বংশ সরদার, শেখ ও শরিফরা এ দুই দলে ভাগ হয়ে আছেন। স্বাধীনতার পর বিভিন্ন সংঘর্ষে খুন হয়েছেন তিনজন। এসব সংঘর্ষে গ্রামের অনেক মানুষ আহত হয়েছেন। গ্রামে এমন কোনো বাড়ি নেই, যেখানে বিভিন্ন সময়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। মামলার আসামিও হয়েছেন গ্রামের অধিকাংশ মানুষ।গ্রামের প্রবীণ ব্যক্তি গফ্ফার মোল্লা (৭২) বলেন, ‘আমার জন্ম থেকে দেখে আসছি, এই দুই বংশের গোলমাল। আমার দাদা রাহেনউদ্দিন মোল্লার ১৪ বছরের জেল হয়েছিল মুছা মার্ডার মামলায়। দাদাকে আমি দেখিনি। এখন গ্রামের কেউ নিরপেক্ষ নাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, উভয় পক্ষের কয়েকজন মাতবরের স্বার্থান্বেষী চরিত্রের কারণে এই দ্বন্দ্ব চলে আসছে। এদের কাছে পুরো গ্রামের প্রায় তিন হাজার ৫০০ মানুষ এখন জিম্মি। কেউ ইচ্ছা করলেও নিরপেক্ষ থাকতে পারে না। এর মাশুল কোনো না কোনোভাবে সবাইকে দিতে হয়।গ্রামের জবেদা বেগম (৬৫) কেঁদে কেঁদে বলেন, ‘আমার একমাত্র ছেলে খাজা খাঁকে (৪০) সংর্ঘষের সময় অন্য পক্ষের লোকজন ১৭-১৮টি কোপ দিয়েছে। মাথা, ঘাড় ও বুকে বেধড়ক পিটিয়েছে। এক মাসের বেশি সময় হয়ে গেল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দেখার কেউ নাই।’তালবাড়িয়া গ্রামের বাজারে ১৩টি ঘরের সবগুলোতেই বিভিন্ন সংঘর্ষে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এক দোকানের মালিক মাহবুর খাঁ (৪০) বলেন, ‘দোকান বেশ কয়েকবার ভাঙচুর ও লুটপাট হয়েছে। এর ওপরই সংসার চলে। তাই যেভাবেই হোক, আবার নুতন করে দোকান শুরু করি।’ তিতাস মোল্লার স্ত্রী রুশনি বেগম বলেন, ‘কয়েকবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।’এক পক্ষের মাতবর মালেক মোল্লা বলেন, ‘পুলিশের মামলার কারণে গ্রেপ্তারের ভয়ে এক মাস ধরে গ্রামের সব পুরুষ বাড়ি ছাড়া। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। বাপ-দাদারা করে আসছেন, এখন আমরা করছি। বর্তমান ইউপি চেয়ারম্যান খাঁ বংশের মানুষ। তিনি টাকার কুমির। তাঁর টাকার জোরে এখন গোলমাল আরও বাড়তিছে।’ অন্য পক্ষের মাতবর শওকত আলী খান বলেন, ‘আধিপত্য বিস্তারে গ্রামে দল বড় করতেই গোলমাল হয় বেশি। উচ্চপদস্থ কর্মকর্তারা এসে উদ্যোগ নিলে হয়তো গোলমাল বন্ধ হবে।’দিঘলিয়া ইউপির চেয়ারম্যান খান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পূর্বপুরুষ ধরে বয়ে আসছে, আমিও চালিয়ে যাচ্ছি। মালেক মোল্লা ইচ্ছা করেই গোলমাল জিইয়ে রাখেন। আমি চাই না গোলমাল হোক। আমার লোকদের গোলমাল করতে সব সময়ই নিষেধ করি। কিন্তু অনেক সময় বাধ্য হয়েই গোলমাল করতে হয়।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খান বলেন, গ্রামে দুই বংশের দ্বন্দ্ব যুগ যুগ ধরে বয়ে আসছে। হয়তো একদিন এর নিরসন হবে। তবে উভয় পক্ষের আক্রমণাত্মক লোকজনের বিরুদ্ধে অভিযান চলছে।