ইচ্ছা মতো বাড়ানো হয় অটোরিকশার ভাড়া, ভোগান্তি
প্রথমে ঈদবোনাস ও পরে গ্যাসের দাম বাড়ার অজুহাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে। চালক সমিতির আগাম কোনো ঘোষণা ছাড়াই এ ভাড়া বৃদ্ধিতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন (২৬ জুন) থেকে কমলগঞ্জের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ঈদবোনাস হিসেবে প্রথম ২-৩ দিন যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। ঈদের এক সপ্তাহ পরও ভাড়া না কমায় যাত্রীরা প্রতিবাদ জানালে গ্যাসের দাম বাড়ার অজুহাত দেখিয়ে বাড়তি ভাড়া দাবি করেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
যাত্রীরা জানান, ভাড়া বাড়ানোয় এখন কমলগঞ্জ থেকে মৌলভীবাজার শহরের ভাড়া ৪০ টাকার জায়গায় ৪৫, শমশেরনগর থেকে শ্রীমঙ্গল শহরের ভাড়া ৪০ টাকার জায়গায় ৫০, মুন্সিবাজার থেকে শমশেরনগর ১৫ টাকার জায়গায় ২০, কমলগঞ্জ থেকে মুন্সিবাজার ১৫ টাকার জায়গায় ২০, কমলগঞ্জ থেকে ইসলামপুর ৪৫ টাকার জায়গায় ৫০, শমশেরনগর থেকে কমলগঞ্জ ১৫ টাকার জায়গায় ২০, শমশেরনগর থেকে পতনঊষায় ১৫ টাকার জায়গায় ২০ টাকা ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এক কথায় প্রতিটি সড়কে জনপ্রতি ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।
ভুক্তভোগী যাত্রী বিকাশ রায়, কলেজছাত্র অঞ্জন দেবনাথ, শিক্ষিকা লাভলী বেগম বলেন, এভাবে হঠাৎ করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোয় তাঁরা রীতিমতো দুর্ভোগের শিকার।
শমশেরনগর-মৌলভীবাজার, কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস না থাকায় সুযোগ বুঝে চালকেরা দফায় দফায় ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছেন। অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর প্রতিবাদ করলে প্রায়ই চালকদের হাতে নাজেহাল হতে হয়। এখন আবার ভাড়া বাড়ানোয় চাকরিজীবী, ছাত্র ও স্বল্প আয়ের মানুষেরা চাপের মুখে পড়েছেন।
ব্যাংকার প্রমোদ সিনহা বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা নানা অজুহাতে কয়েক দিন পরপরই ভাড়া বাড়ানোর পাঁয়তারা করেন। কখনো গ্যাসের দাম বেড়েছে, কখনো অবরোধ-হরতাল, কখনো ঈদ-পূজার অজুহাত দিয়ে ভাড়া বাড়ানো হয়।
লেখক-গবেষক আহমদ সিরাজ বলেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই কমলগঞ্জের প্রায় সব জায়গার যাত্রী পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে। কোনো পূর্বালোচনা ছাড়াই হঠাৎ এ রকম ভাড়া বাড়ানোয় সাধারণ যাত্রীরা বিরাট অসুবিধায় পড়েছেন। এ সমস্যা মেটাতে প্রশাসনকে দ্রুত এগিয়ে আসতে হবে।
এদিকে উপজেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমাছ মিয়া বলেন, ‘আমাদের সমিতির কোনো সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন রুটে ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।