
গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী তাহমিদ হাসিব খান। এই ঘটনায় করা মামলা তদন্তের জন্য কাউন্টার টেররিজম বিভাগের কার্যালয়ে হাজির হয়ে তাঁকে লিখিত বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি ইচ্ছা করেই আসেননি ও কোনো বক্তব্য দেননি।
আদালতে দেওয়া চার পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে। কাউন্টার টেররিজম বিভাগের ডাকে সাড়া না দেওয়ায় তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে ভাটারা থানায় গত বছরের অক্টোবরে ‘নন প্রসিকিউশন’ মামলা হয়। আজ মঙ্গলবার এই মামলায় তিন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দেন। আদালতে হাজির ছিলেন আসামি তাহমিদ। কাল বুধবার আবার মামলার শুনানি হবে।
আজ আদালতে সাক্ষ্য দেন উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন মল্লিক, উপসহকারী পরিদর্শক (এএসআই) শামীম গাজী ও মতিউর রহমান। উপস্থিত ছিলেন গুলশান হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর। তিনি তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের মামলারও তদন্ত কর্মকর্তা। ১ ফেব্রুয়ারি আদালতে জবানবন্দি দেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবির জবানবন্দিতে বলেন, ‘হলি আর্টিজানে জঙ্গিরা ২২ জনকে হত্যা করে ও বেশ কয়েকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে তাহমিদও ছিলেন। জঙ্গিরা তাহমিদ ও আবুল হাসনাত রেজা করিমকে ছাদে নিয়ে ঘোরাফেরা করে। তাহমিদের হাতে অস্ত্র দেখা যায়। কমান্ডো বাহিনী অভিযান চালিয়ে তাহমিদসহ জিম্মিদের উদ্ধার করে। পরে তাঁদের সবাইকে কাউন্টার টেররিজম কার্যালয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে, যখনই ডাকা হবে তখনই তাঁদের আসতে হবে ও ঘটনার বর্ণনা দিতে হবে, যা হামলার ঘটনার মামলার রহস্য উদঘাটনে সহায়ক হবে।’
জবানবন্দিতে হুমায়ুন কবীর আরও বলেন, তাহমিদের সঙ্গে জিম্মায় যাওয়া অনেকে ডাকামাত্রই এসেছেন। অনেকে আদালতে ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন। কাউন্টার টেররিজম বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাহমিদের সঙ্গে যোগাযোগ করলেও তিনি আসেননি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাহমিদকে কার্যালয়ে এসে বক্তব্য দেওয়ার জন্য ১০ ও ২১ জুলাই নোটিশ পাঠানো হয়।
জবানবন্দিতে হুমায়ুন বলেছেন, তাহমিদ ইচ্ছা করেই আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে পুলিশের কাছে বক্তব্য দেননি। জঙ্গিদের সঙ্গে হলি আর্টিজানের ছাদে দেখা যাওয়ায় ও নোটিশের পরও কার্যালয়ে এসে বক্তব্য না দেওয়ায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তথ্য গোপনের অভিযোগে মামলাও করা হয়।
হলি আর্টিজানে হামলার ঘটনায় গত বছরের ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেপ্তার করা হয়। গত ৩ অক্টোবর তাঁকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই তিনি জামিনে মুক্তি পান। তথ্য গোপনের মামলায়ও জামিনে আছেন তাহমিদ।
তথ্য গোপনের অভিযোগের মামলায় গত ১০ জানুয়ারি আদালত তাহমিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় বিচার শুরু হয়। তাঁর আইনজীবী মাসুদ আরিফ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নোটিশ দেওয়ার পরেও তাহমিদ কাউন্টার টেররিজম কার্যালয়ে যাননি বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে এই মামলায় চারজন পুলিশ আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাহমিদের পক্ষ থেকে সাক্ষীদের জেরা করছেন। তাহমিদ সম্পূর্ণ নির্দোষ।
৫৪ ধারায় কেন তাহমিদ অব্যাহতি পান?
তাহমিদকে অব্যাহতি দেওয়ার আবেদনে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর বলেছেন, ‘সাক্ষী ফাইরুজ সালিহা (২০) ও তাহানা তাসমিয়ার (২০) দুজনের ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনাসহ সার্বিক তদন্তে দেখা যায়, আসামি তাহমিদ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ফাইরুজ মালিহার সঙ্গে দেখা করার জন্য হলি আর্টিজানে যাওয়ার পরিকল্পনা করেন। সেই মতে ফাইরুজ সালিহা তাঁর বান্ধবী তাহানাকে সঙ্গে নিয়ে রাত ৮টা ১০ মিনিটের দিকে হলি আর্টিজানে পৌঁছান। সেখানে তিনি তাহমিদকে দেখতে পান। এরপর তাঁরা আইসক্রিম অর্ডার করে হলি আর্টিজানের গোলঘরে বসেন। আইসক্রিম নিয়ে টেবিলে বসার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ৮টা ৪০ মিনিটের দিকে গুলির আওয়াজ শুনতে পান। ৫-৬ জন সন্ত্রাসী হলি আর্টিজানে ঢুকে অস্ত্র ব্যবহার করে গুলি করে ও চাকু দিয়ে জবাই করে দেশি-বিদেশিদের নির্বিচারে হত্যা করে। সন্ত্রাসী নিবরাস তাঁদের আটক করে হলি আর্টিজানের মেইন বিল্ডিংয়ে নিয়ে আসে। সেখানে ভারতীয় চিকিৎসক সত্য প্রকাশ, আবুল হাসনাত রেজা করিম ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। সারা রাত ওখানে জিম্মি অবস্থায় থাকার পর সকালে জঙ্গিরা তাহমিদ ও আবুল হাসনাত রেজাকে হলি আর্টিজানের ছাদে নিয়ে যায়। তাহমিদের হাতে তাঁরা জোরপূর্বক অস্ত্র ধরিয়ে দেয় বলে সাক্ষীদের জবানবন্দি থেকে জানা যায়।’
গত বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জিম্মি করা ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। তার আগে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।