ইচ্ছামতো ফি আদায়, প্রতিবাদ করায় মারধর
নানা অজুহাতে রসিদ ছাড়াই ‘ইচ্ছামতো ফি’ আদায়ের প্রতিবাদ করায় জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা নমিজন আফতাবি উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের সামনে অবস্থান নেয়। পরে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনার বিচারের আশ্বাস দিলে তারা শান্ত হয়।শিক্ষার্থীদের অভিযোগ, এক বছর ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে অরাজকতা বিরাজ করছে। নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছামতো ফি আদায় করা হচ্ছে। নবম শ্রেণীর মাসুদ ও দশম শ্রেণীর ইমরান হোসেন অভিযোগ করে, বিদ্যালয়ের অফিস সহকারী ইউসুফ নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বাড়তি ফি’ আদায় করে আসছেন। এর প্রতিবাদ করায় গত বুধবার ইউসুফ ও বিদ্যালয়ের শিক্ষক শাহাদত আলম তাদের দুজনকে মাটিতে ফেলে লাথি ও কিলঘুসি মারেন। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে অফিস সহকারী ইউসুফ হোসেন বলেন, ‘রাগের বশে চড়থাপড় মেরেছি সত্যি, তবে কাওকে লাথি মারিনি।’ আর ইচ্ছামতো ফি আদায়ের যে কথা বলা হচ্ছে, তার সবই করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউল ইসলাম বলেন, বাড়তি নয়, শিক্ষার্থীদের কাছ থেকে যৌক্তিক ফি-ই আদায় করা হয়েছে। কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন জানান, আগামী রোববার সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।