ইচ্ছামতো হাসপাতালে আসেন অনুমতি ছাড়া কাটান ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগ দেওয়া চিকিৎসকেরা নিজেদের ইচ্ছামাফিক কর্মস্থলে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে। সতর্ক করেও কাজ না হওয়ায় সিভিল সার্জনের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলা ভেঙে পড়েছে। কাগজে-কলমে ১২ জন চিকিৎসক থাকলেও চিকিৎসা নিতে আসা রোগীদের শেষ ভরসা এখন চিকিৎসা সহকারীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে দু-একজন চিকিৎসক দিয়ে চলছিল এর কার্যক্রম। এ নিয়ে প্রায় দেড় মাস আগে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত জুলাই ও চলতি মাসে কয়েক দফায় নয়জন চিকিৎসক এখানে যোগ দেন। এর মধ্যে সাতজন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া।সূত্র জানায়, বর্তমানে কাগজে-কলমে এখানে চিকিৎসক ১২ জন। তাঁদের মধ্যে স্বাস্থ্য প্রশাসক দাপ্তরিক কাজে এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অন্তবিভাগের রোগী সামলাতে ব্যস্ত থাকেন। হূদরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী প্রেষণে জেলা সদর হাসপাতালে কর্মরত। জুলাইয়ের শেষ সপ্তাহে একজন শৈল্য চিকিৎসক এখানে যোগদান করলেও ওই দিন থেকেই তিনি সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ২ আগস্ট পারভীন আক্তার নামের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ যোগদান করলেও তিনি প্রেষণে সদর হাসপাতালে চলে যাওয়ার চেষ্টা করছেন। বাকিদের মধ্যে নতুন যোগদানকারী সাতজন চিকিৎসক থেকেও নেই। তাঁরা কখনো এসেই চলে যান, আবার টানা কয়েক দিন আসেন না।গত সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি ও বহির্বিভাগে রোগীর প্রচণ্ড ভিড়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মাত্র একজন চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন। অথচ জরুরি বিভাগের দেয়ালে টাঙানো চিকিৎসকদের দায়িত্ব বণ্টন তালিকা অনুযায়ী এদিন জরুরি বিভাগ ও বর্হিবিভাগ মিলে পাঁচজন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা ছিল।এ বিষয়ে আরএমও আবু হোসেন মণ্ডল মুঠোফোনে বলেন, ‘এসব চিকিৎসকেরা যোগ দিয়েই কারও কোনো তোয়াক্কা করছেন না। তাঁরা কোনো প্রশাসনিক আদেশ বা নিয়ম মানছেন না বরং নিজেদের মতো করে কর্মস্থলে আসছেন।’অভিযোগের বিষয়ে নতুন যোগদানকারী চিকিৎসক রিফাত রোমানা বলেন, ‘অ্যাডহক ভিত্তিতে নিয়োগের সময় নিজ জেলায় কাজে যোগদান করানোর কথা থাকলেও আমাদের বেলায় তা করা হয়নি। এখানে থাকা-খাওয়ার ন্যূনতম সুবিধা নেই। এ অবস্থায় নিয়ম মেনে দায়িত্ব পালন সম্ভব নয়।’ অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেক চিকিৎসক জাহাঙ্গীর খালেদ বলেন, ‘নিয়ম মেনে দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ, ঢাকায় আমাদের পরিবার ছাড়াও নানা প্রয়োজন রয়েছে। দায়িত্ব দিয়ে যাঁরা এখানে পাঠিয়েছেন, তাঁদেরও বিষয়টি আমলে নেওয়া দরকার ছিল।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশও তাঁরা গ্রহণ করতে রাজি হননি। তাঁদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু তাঁরা তা তোয়াক্কা করেননি। আবাসন বা পানীয় জলের সমস্যা তাঁদের অজুহাত মাত্র। হাসপাতালে আধুনিক আবাসিক ভবন রয়েছে। এসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।