ইচ্ছার জোরে বাধা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধী হুমায়ুন কবীর (ডানে) দাউদকান্দি উপজেলার গৌরীপুর সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গান পরিবেশন করছেন l ছবি: প্রথম আলো
দৃষ্টিপ্রতিবন্ধী হুমায়ুন কবীর (ডানে) দাউদকান্দি উপজেলার গৌরীপুর সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গান পরিবেশন করছেন l ছবি: প্রথম আলো

গান-বাজনা নিয়েই তাঁর ভাবনা। বাজারের মোড়ে কিংবা চায়ের দোকানে। কখনো সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে। গান গেয়ে ও বাজনা বাজিয়ে শ্রোতাদের মন জুড়ান হুমায়ুন কবীর (২৬)। দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম হলেও ভিক্ষা করেন না হুমায়ুন। গান গেয়ে শ্রোতাদের কাছ থেকে যা পান, তা দিয়েই চলে সংসার।

গত শনিবার বিকেলে উপজেলার গৌরীপুরে অটোরিকশার স্ট্যান্ডে দাঁড়িয়ে হুমায়ুন গান করছিলেন। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন ‘বেকার বইয়া অথবা ভিক্ষা করে খাওয়ার চেয়ে গান গাইয়া মাইনষেরে খুশি করতে পারি, এইডাই আমার সান্ত্বনা। পাশাপাশি সংসারটাও চালাতে পারছি।’ তিনি আরও বলেন, তিনি ভান্ডারি, বিচ্ছেদ, বাউল ও আধুনিক গানও করেন।

হুমায়ুনের গান শুনে স্বল্পপেন্নাই গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শরীফ মিয়া বলেন, ‘হুমায়ুনের বিচ্ছেদ গান শুনতে খুব ভালো লাগে।’

হুমায়ুন কবীরের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামে। হুমায়ুন বলেন, দেড় বছর বয়সে জলবসন্তে তাঁর চোখ দুটি অন্ধ হয়ে যায়। এ কারণে তিনি বিদ্যালয়েও যেতে পারেননি। তাঁর বাবা সিরাজ মিয়া ছোট ব্যবসা করতেন। সাত ভাই-বোনের সংসারে সচ্ছলতা ছিল না।

প্রায় ১০ বছর আগে বদিউল সরকার নামের এক বাউলশিল্পীর কাছ থেকে গান শেখেন তিনি। এরপর থেকে গান গাওয়াটা তিনি পেশা হিসেবে বেছে নেন। গান গাওয়ার সময় ঢোল বাজিয়ে সহযোগিতা করেন ছোট ভাই মো. রুবেল। দাউদকান্দি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গান গেয়েছেন। যেখানেই তিনি গান ধরেন, ভিড় জমে যায়। গান শেষে অনেক শ্রোতা তাঁকে কিছু টাকাও দেন। এভাবে তাঁরা দুই ভাই প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকার মতো আয় করেন। এ টাকায় চলে তাঁদের ছয় সদস্যের সংসার।

এখন হুমায়ুনের সংসারে আছে তাঁর মা, স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও ভাই রুবেল। স্ত্রী হাছনা আগে পোশাক কারখানায় কাজ করতেন। গান শুনেই হুমায়ুনের সঙ্গে তাঁর পরিচয়। তারপর ভালোবেসে সংসার বাঁধেন হুমায়ুনের সঙ্গে।

হুমায়ুন বলেন, লেখাপড়া না জানলেও মাঝেমধ্যে মুখে মুখে গান রচনা করেন। তারপর নিজেই সুর দিয়ে শ্রোতাদের গেয়ে শোনান। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া ও বাজনা বাজানোর জন্য তাঁকে সম্মানী দিয়ে নিয়ে যাওয়া হয়।