ইচ্ছাশক্তি এনে দিয়েছে সাফল্য
অভাব-অনটনের সংসারে অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল অনেকের। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ওদের থামাতে পারেনি। সংসারে জোগান দিতে কেউ কারখানায় কাজ করে, কেউ দিনমজুরি করে অর্থ উপার্জন করে। আবার কেউ স্কুলে যাওয়ার আগে মাছ ধরে বাড়তি আয় করে। এত টানাপোড়েনের মধ্যে পড়াশোনা করেও তারা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তারা। এমন কয়েকজনের সাফল্যের কাহিনি শুনব আজ। কথা রেখেছে কণিকা: ‘নবম শ্রেণীতে ওঠার পর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু স্থানীয় একটি প্রতিষ্ঠান আমাকে খুঁজে বের করে। আমাকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানোর সব ভার নেয়। আমি ভালো ফলাফল করার অঙ্গীকার করি। সুযোগ পেলে এইচএসসিতেও ভালো করব।’—কথাগুলো বলে এবার নাটোর শেরেবাংলা স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া কণিকা রানী সরকার।কণিকার বাবা নাটোর সদর উপজেলার রাজাপুর গ্রামের সুদাম চন্দ্র সরকার বলেন, ‘শোবার ঘরের জমিটুকু ছাড়া আমার কোনো জায়গাজমি নাই। অন্যের জাল নিয়ে মাছ মেরে খাই। কিন্তু মেয়েকে স্কুলে যেতে না দিলে কান্নাকাটি করত।’ স্কুলের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, ‘কণিকা মানবিকে জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা গর্বিত। তার মেধা ও পরিবারের অবস্থা বিবেচনা করে আমরা তাকে বিনা বেতনে পড়িয়েছি। আশা করছি, সে অনেক দূর যেতে পারবে।’ দুঃখিনী মায়ের মুখে হাসি: দুঃখিনী মায়ের ছেলে মাসুদ রানা। মায়ের বাঁ হাত অনেক আগে ট্রেনে কাটা পড়েছে। বাবা কখনো কখনো মহাজনের কাছে পুরোনো কাপড়ের টুকরা সংগ্রহ করে তা ফেরি করেন। পুঁজির অভাবে ওই কাজ নিয়মিত করা হয় না তাঁর। নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস তাঁদের। একটি কক্ষে বাবা-মা, দুই ভাই ও এক বোনের বসবাস। ‘মা বাড়ির উঠানে ফ্রেম পেতে শাড়িতে চুমকি তুলে ছেলের জন্য পড়াশোনার অর্থ জুটিয়েছেন’—এ বলে কান্নায় ভেঙে পড়ে মাসুদ রানা। সে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে।মাসুদ রানা শহরের নিউ ক্লথ মার্কেটের একটি এমব্রয়ডারি কারখানায় এক হাজার টাকা বেতনে কাজ জোটায়। দু-তিন মাস স্কুলে অনুপস্থিত। এই অবস্থায় বিষয়টি শিক্ষকদের নজরে আসে। প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম ছুটে যান তাদের বাড়িতে। বাবা-মাকে বুঝিয়ে তিনি রাজি করান মাসুদ রানাকে স্কুলে পাঠাতে। আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি জানতাম, মাসুদ রানা এসএসসিতে ভালো ফল করবেই।’মা মোছা. মুশরাত বেগম মাসুদ রানার পড়াশোনা চালিয়ে নিতে তিনি তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাবাসসুম পারভীন নায়লার পড়াশোনা বন্ধ করে দিতে চান। প্রয়োজনে ছোট ছেলে কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র মাহিম ইসলামের স্কুলও বন্ধ রাখবেন। ভালো ফলেও সংশয় তাছলিমার: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর এ এল এম উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে তাছলিমা আক্তার। তাছলিমার ভাষ্য, আর্থিক সামর্থ্য না থাকায় ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ভাবতে পারছে না। শিক্ষকেরা তাকে সহযোগিতা না করলে এ সাফল্য সে অর্জন করতে পারত না। বাবা তাজুল ইসলাম বলেন, ‘কৃষিকাজ করে কোনোমতে আমার সংসার চলে। ছেলেমেয়েদের এ ধরনের সাফল্যের সংবাদে অভিভাবকেরা মিষ্টিমুখ করিয়ে একাকার করে ফেলেন। কিন্তু আমি এক ছটাক মিষ্টিও কিনতে পারিনি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র দেবনাথ বলেন, ‘তাছলিমা ছোটবেলা থেকেই মেধাবী। মেয়েটা প্রত্যেক শ্রেণীতে প্রথম হতো। সে আমাদের বিদ্যালয়ের অহংকার।’দিনমজুরি করে জিপিএ-৫ পেল জোবাইর: বাবার উপার্জনে সংসারের চাকা ঠিকমতো চলছিল না। বাধ্য হয়েই লেখাপড়ার সময় সংক্ষিপ্ত করে দিনমজুরের কাজে লেগে পড়ত মো. জোবাইর। মাটিকাটার কাজ ও বর্গা নেওয়া জমিতে চাষাবাদসহ নানা কাজ করতে হয় তাকে। আনন্দের পেছনে কষ্টের কাহিনিটা এমনিই। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে মো. জোবাইর। সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া গ্রামের বাসিন্দা বর্গাচাষি কবির আহমদ ও গৃহিণী রহিমা খাতুনের ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় সে। তার বাবা কবির আহমদ বলেন, ‘আমার বাবার রেখে যাওয়া তিন শতক জমির ওপর একটি ছোট্ট বাঁশ ও বেড়ার ঘর রয়েছে। সেই ঘরে গাদাগাদি করে সবাই থাকি। এত সমস্যার মধ্যেও পড়াশোনা বন্ধ করেনি জোবাইর। এসএসসি পরীক্ষা শেষ করার পর ভালো কলেজে ভর্তি হওয়ার আশা নিয়ে ঘরে বসে না থেকে এ মৌসুমে মাটিকাটা ও চাষাবাদের দিনমজুর হিসেবে আবারও কাজ শুরু করেছে। সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজদৌল্লাহ বললেন, ‘দরিদ্র ও মেধাবী হিসেবে জোবাইরকে আমরা সাধ্যমতো সহায়তা করেছি। তার স্বপ্নপূরণে কারও না কারও সহযোগিতা দরকার।’হাজেরা খাতুন আদর্শ শিক্ষক হতে চায়: প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেড এবং এসএসসিতে জিপিএ-৫ লাভ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে হাজেরা খাতুন। হাজেরার বাবা খোকন মিয়া দ্বিতীয় বিয়ে করে রাজধানী ঢাকায় পাড়ি জমান বেশ কয়েক বছর আগে। তার মা নাছিমা বেগম দুই মেয়ে এক ছেলে নিয়ে থাকেন। হাজেরা খাতুন বলে, ‘আমি টিউশনি করে হলেও পড়ালেখা চালিয়ে যেতে চাই। আমার বিদ্যালয়ের স্যারদের আমি যেভাবে দেখেছি, তাতে আমি চাই একজন আদর্শ শিক্ষক হতে।’উজানচর গ্রামে হাজেরাদের বাড়িতে গিয়ে দেখা যায়, দোচালা একটি ঘর, ঘরের মেঝে একটি চৌকি আর একটি পড়ার টেবিল, ছোট্ট এ টেবিলেই তিন ভাইবোন পড়ালেখা করছে। নাছিমা বেগম জানান, ছয়-সাত বছর আগেই ছেলে সন্তান রাইখা স্বামী চইলা গেছে, খোঁজখবরও নেয় না, আমি ধারদেনা কইরা কোনো রহমে সংসারডারে চালাইয়া লইয়া যাইতাছি। আমার মাইয়ারে যে আরও পড়ামু, আমার হেই ক্ষমতা নাই।’ উজানচর কেএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস বলেন, ‘হাজেরা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী। দারিদ্র্য হাজেরার সামনে একমাত্র বাধা।’ রাতভর মাছ ধরেও স্বপন পেল জিপিএ-৫: সূর্য ওঠার অনেক আগে জীবিকার জন্য ছুটে যায় খাল-বিল-নদীনালা থেকে মাছ ধরতে। সকালে বাড়ি ফিরেই দৌড় দিত স্কুলে। মাছ বিক্রি করে দুই বেলা খাবারের সন্ধান করতে হতো। বই ছিল না। বন্ধুদের বাড়িতে গিয়ে পড়ালেখা করেছে। অভাব-কষ্ট তাকে হার মানাতে পারেনি। নানা প্রতিবন্ধকতা দূরে ঠেলে এর পরও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে স্বপন চন্দ্র দাস। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।স্বপন চন্দ্র দাস বলে, সে রাত থেকে ভোর পর্যন্ত মাছ ধরেছে। এ মাছ বিক্রি করতে বাবা সুরেশ চন্দ্র দাস চলে যান বাজারে। আর সে ছুটে যায় বিদ্যালয়ে। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখার কথা বলল স্বপন। মা মমতা রানী বলেন, ‘ছাওয়াটা খুব কষ্ট করছে। ছাওয়াটার মনের জোর ছিল।’ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান বলেন, যত কষ্টই থাক, ইচ্ছা বা মনের জোর থাকলে কি না হয়। পড়ার জন্য স্বপন সবার কাছে ছুটে গেছে। ওকে সবাই সহযোগিতা করেছে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: মুক্তার হোসেন, নাটোর; এম আর আলম, সৈয়দপুর (নীলফামারী); এ বি এম রিপন, রায়পুর (লক্ষ্মীপুর); গিয়াসউদ্দিন, টেকনাফ (কক্সবাজার); এম মনিরুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া); আরিফুল হক, রংপুর]