ইচ্ছাশক্তিই যেকোনো কাজ সহজ করে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল ইয়ুথ মিট ইয়ুথ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তাহসিনা আহমদ l ছবি: প্রথম আলো
সিলেটে গতকাল ইয়ুথ মিট ইয়ুথ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তাহসিনা আহমদ l ছবি: প্রথম আলো

‘ভালো কিছু করার ইচ্ছা কৈশোর থেকেই অন্তরে ধারণ করতে হবে। মানুষের ইচ্ছাশক্তিই যেকোনো কাজ সহজ করে দিতে পারে।’ নিজের জীবন থেকে নেওয়া উদাহরণ টেনেই কথাগুলো বললেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউজার্সির হেলডন নগরের কাউন্সিলর (কাউন্সিলউইমেন) তাহসিনা আহমদ।
গতকাল মঙ্গলবার সিলেটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইয়ুথ মিট ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতায় বাংলাদেশের তরুণদের নিয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি। তাহসিনা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। এই মেধাবীদের ইতিবাচক কাজের প্রেরণা দিলে বাংলাদেশ সারা বিশ্বে অনেক বড় উচ্চতায় যেতে পারবে।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক তাহসিনা আহমেদ গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে ওই পদে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংেশাদ্ভূত কাউন্সিলর। তাঁর পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামে। মাত্র ২৩ বছর বয়সে তিনি হেলডন নগরবাসীকে সেবা দেওয়ার প্রত্যয়ে নির্বাচনে জয়লাভ করেন।
তাহসিনা বর্তমানে ‘প্যাসাইক কাউন্টি ইয়াং ডেমোক্র্যাটস’র সেক্রেটারি ও কমিউনিটি চেয়ার পদে রয়েছেন। ‘ইয়াং ডেমোক্র্যাটস অব আমেরিকা মাইনরিটি ককাস’ নামের আরেকটি সংগঠনের ভাইস ‘চেয়ারওমেন’ পদে রয়েছেন। সম্প্রতি তিনি পারিবারিক উদ্যোগে বাংলাদেশে বেড়াতে এলে সিলেটে বাবার বাড়িতেও যান। সেখান থেকে ফিরে গতাকল সিলেট নগরে এলে তাহসিনাকে নিয়ে ‘ইয়ুথ মিট ইয়ুথ’ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সেবা সংগঠন ‘রোটারি ক্লাব অব সিলেট সানশাইন’।
নগরের শাহি ঈদগাহ এলাকায় স্কলাসহোমের মিলনায়তনে বেলা একটায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরাও অংশ নেন। স্কলার্সহোমের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে তাহসিনাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আমিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউকে-বাংলাদেশ অ্যাডুকেশনাল ট্রাস্ট (আকবেট) নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম।