রাজশাহীর বিভিন্ন উপজেলায় অনুমোদন ছাড়াই মাছ চাষের জন্য ফসলি জমিতে ইচ্ছেমতো পুকুর ও ঘের তৈরি করা হচ্ছে। এতে ক্রমেই কমছে চাষের জমি। পাশাপাশি প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
ভুক্তভোগী কৃষকেরা বলছেন, গত বর্ষায় পানি জমে বেশ কিছু স্থানে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। প্রশাসনের কাছে দেনদরবার করেও বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি। পুকুর খনন যেভাবে বাড়ছে, সামনে আরও বেশি পরিমাণ জমির ফসল নষ্ট হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হচ্ছে। গত পাঁচ বছরে এই প্রবণতা বেড়েছে। দুর্গাপুর, পুঠিয়া ও পবা উপজেলায় পুকুরের সংখ্যা বেশি। উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, মাছ চাষের জন্য দুর্গাপুরে এ পর্যন্ত ৪ হাজার ৯০২টি পুকুর খনন করা হয়েছে। এর আয়তন ২ হাজার ৯৫৪ দশমিক ৩৬ হেক্টর। পুঠিয়া উপজেলায় পুকুরের সংখ্যা ৭ হাজার ২৬৬টি, যার আয়তন ১ হাজার ৫৪৮ হেক্টর। পবা উপজেলা মৎস্য অফিসে পুকুর বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় গত পাঁচ বছরে ৫২৯ হেক্টর ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। শুধু গত বছরেই খনন করা হয়েছে ১২৩ হেক্টর জমি।
সম্প্রতি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নলখোলা এলাকায় গিয়ে দেখা যায়, ৩০ বিঘা আয়তনের একটি পুকুর খননের কাজ চলছে। পুকুরের মালিক শাহারুল ইসলাম তাঁবু টানিয়ে চেয়ারে বসে আছেন। তিনি বলেন, নিম্নাঞ্চল অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে তাঁদের এলাকায় জমির পানি বের হতে পারছে না। বাধ্য হয়ে তাঁরাও পুকুর খনন করছেন। আশপাশের লোকজন তাঁদের জমি ইজারা দিয়েছেন। আদালতে রিট আবেদন করে পুকুর খননের অনুমতি পেয়েছেন।
একই এলাকার ইকবাল হোসেন বলেন, ‘এই মাঠে তাঁর জমি রয়েছে। গত বছর সেই জমিতে পাট চাষ করেছিলেন। আশপাশে পুকুর কাটায় জমির পানি নামার রাস্তা বন্ধ হয়ে গেছে। পানির ভেতর থেকে কোনো শ্রমিক পাট কেটে দেয়নি। বাধ্য হয়ে তাঁরা পুকুর মালিকের কাছেই জমি ইজারা দিয়েছেন।
এদিকে, পুকুর খননের মাটি ট্রলিতে করে পার্শ্ববর্তী ইটভাটায় নেওয়া হচ্ছে। ভারী যান চলাচলের কারণে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। গাড়ি থেকে কাদামাটি রাস্তায় পড়ে কর্দমাক্ত হয়ে যাচ্ছে।
পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন, ‘অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হচ্ছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। তারা চারটি স্থানে অভিযান চালিয়েছিল। তিন জায়গাতেই পুকুরের মালিক আদালতের কাগজ দেখিয়েছেন। বাকি একজনকে শাস্তি দেওয়া হয়েছে।’
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন বলেন, পতিত জমিতে পুকুর খননের কথা বলে তাঁরা (পুকুর মালিকেরা) আদালত থেকে নিজেদের পক্ষে নির্দেশনা পেয়েছেন। আদালত তাঁদের কাজে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না।
দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের অনুলিয়ারবিল ও পোড়াবিলে খালের মুখে পুকুর খনন করায় গত বর্ষা মৌসুমে প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে চাষিরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। কয়েকজন কৃষক অভিযোগ করেন, পাঁচ-ছয় বছর ধরে বিলে পুকুর খননের হিড়িক পড়ে গেছে। পুকুর মালিকেরা সাধারণ চাষিদের বাধ্য করছেন জমি বিক্রি করতে। এমনকি জোর করে জমি দখল করা হচ্ছে।
উপজেলার জুগিশো-পালশা গ্রামের কৃষক খুরশিদ আলম বলেন, এক পুকুর মালিক তাঁর জমি জোর করে দখলে নিয়েছেন। শুধু তা-ই নয়, জমি বিক্রি করতে যাতে তিনি বাধ্য হন, সে জন্য তাঁর বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করেছেন। আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। এখন পুকুর মালিক উচ্চ আদালতে আপিল করেছেন। কয়েক দিন আগে প্রশাসনের লোকজন পরিস্থিতি দেখে গেছেন। কিন্তু এলাকার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই করা হয়নি।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার সাদাত মুঠোফোনে বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, সবাই পুকুর খননের পক্ষে। এটা হলে তো হবে না। মানুষকে সচেতন হতে হবে। নির্বিচারে পুকুর খনন করা হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। শুধু আইন দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। নির্বাহী হাকিমেরা দিনের বেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কিন্তু রাতের বেলা তারা (পুকুর মালিকেরা) খননযন্ত্র দিয়ে পুকুর কাটছেন।