ইচ্ছের জোরে স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেলে চড়ে সারা দেশ ঘোরা দুই যুবক মনিরুল ইসলাম ও নূর ইসলাম ষ ছবি: প্রথম আলো
সাইকেলে চড়ে সারা দেশ ঘোরা দুই যুবক মনিরুল ইসলাম ও নূর ইসলাম ষ ছবি: প্রথম আলো

মেহেরপুরের স্বাপ্নিক দুই তরুণ মনিরুল ইসলাম ও নূর ইসলাম। মেহেরপুর সরকারি কলেজের ছাত্র। বাইসাইকেলে চেপে ১০৩ দিনে ঘুরে এসেছেন দেশের সব কটি জেলা। দেশের মানুষের কাছে ফেরি করেছেন মুক্তিযুদ্ধে মেহেরপুরের বিজয়গাথা।
এ বছরের ১২ মে দুটি সাইকেল নিয়ে তাঁরা বেরিয়েছিলেন দেশ ভ্রমণে, আর ১ সেপ্টেম্বর ঢাকায় এসে যাত্রা শেষ করলেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া ও বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগরের অসামান্য অবদান সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো ছিল তাঁদের উদ্দেশ্য। ‘সাফল্যের কোনো সংজ্ঞা নেই, না বলে কোনো শব্দ নেই, আত্মশক্তিই পারে সবকিছু জয় করতে’ এই স্লোগান নিয়ে তিন মাস ১৩ দিনে তাঁরা ঘুরে দেখেছেন পুরো দেশ। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে তরুণদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেছেন।
সম্প্রতি এই দুই তরুণ এসেছিলেন ঢাকায় প্রথম আলো কার্যালয়ে। সাইকেলে করে দেশ ভ্রমণের পরিকল্পনাটা কীভাবে এল সে বিষয়ে দুই তরুণ প্রথম আলোকে জানালেন, ‘মাদকবিরোধী প্রচারের জন্য এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম বাংলাদেশের ৫০টি জেলা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন। মেহেরপুরেও তাঁর আসার কথা ছিল। কিন্তু তিনি আসতে পারেননি।’ নূর ইসলাম বলেন, ‘মুসা ভাই না আসায় কিছুটা হতাশ হই। পরক্ষণেই মাথায় আসে, আমরাও তো সাইকেলে পুরো বাংলাদেশ ভ্রমণ করতে পারি।’ পরিকল্পনাটি তিনি বন্ধু মনিরুলকে জানান। শোনা মাত্রই রাজি হয়ে যান তিনি। প্রস্তুতি নেন ভ্রমণের। এ সময় ঘনিষ্ঠ অনেকেই বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি খারাপ, তার ওপর গরম। এ সময় সাইকেল ভ্রমণে অসফল হওয়ার আশঙ্কাই বেশি। কিন্তু এই দুই তরুণ দমে যাননি কারও কথায়। নূর ইসলাম বলেন, ‘পরিবার ছাড়া কারও সহযোগিতা পাইনি। তার পরও মনের জোরেই তিন মাস ১৩ দিনে পুরো বাংলাদেশটা ঘুরে দেখতে পেরেছি।’ প্রচারের বিষয় হিসেবে মুক্তিযুদ্ধকে বেছে নেওয়ার কারণ হিসেবে তাঁরা বলেন, ‘আমরা মনে করি, যে স্বপ্ন ও চেতনা নিয়ে এ দেশকে স্বাধীন করা হয়েছিল, সেটি প্রতিষ্ঠিত হলেই এ দেশের সমাজে নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। সম্ভব হবে ক্ষুধা, দারিদ্র্য ও নানা রকম সামাজিক সমস্যার সমাধানও।’
দুই তরুণ জানালেন, এখন তাঁদের স্বপ্ন পড়াশোনা শেষ করে বিশ্বভ্রমণে বের হওয়া। এবং তা অবশ্যই সাইকেলে চড়ে।