ইছলাছড়া পানপুঞ্জির গাছ কাটার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া পানপুঞ্জির বনজ ও পানের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। কতিপয় ব্যক্তি বন বিভাগের জায়গা দাবি করে পুঞ্জির জায়গার গাছ কাটার পাশাপাশি ঝোপঝাড়ে আগুন লাগিয়ে স্থানটি পরিষ্কার করে ফেলছে। পুঞ্জির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছলাছড়া পানপুঞ্জি পরিদর্শন করেছেন।ইছলাছড়া পানপুঞ্জির বাসিন্দারা অভিযোগ করেছেন, মাস খানেক ধরে এলাকার কতিপয় ব্যক্তি ইছলাছড়া পানপুঞ্জির পূর্বদিকের প্রায় ৪০ একর জায়গার গাছ কেটে নিচ্ছে। তাদের রোপণ করা পানের চারা উপড়ে ফেলছে। এখানে বনাক, লটকিসহ বিভিন্ন প্রজাতির বনজগাছ রয়েছে। গাছ কাটার পাশাপাশি বনের ঝোপজঙ্গলে আগুন লাগিয়ে স্থানটি পরিষ্কার করে ফেলছে। এতে তাদের চাষ করা অনেক পানগাছ নষ্ট হয়ে গেছে।ইছলাছড়া পানপুঞ্জির প্রধান (মন্ত্রী) হেভেন ডি গতকাল শনিবার বলেন, ‘প্রায় এক মাস ধরে তারা গাছ কাটছে। আমি তাদের ভালো করে চিনি না। তারা আমাদের পুঞ্জির ছোট-বড় হাজারো গাছ কেটে ফেলেছে। পান চাষ করলে একটা রোগ হয়। তখন দুই-তিন বছর জায়গাটা ফেলে রাখি। জায়গাটা ওভাবে ফেলে রাখা ছিল।’ তবে তিনি (হেভেন ডি) জানান, তিনি গতবছর নিজে এই জায়গার কিছু স্থানে পানের চারা লাগিয়েছিলেন। সেই চারা কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিছু জায়গা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে অনেকে বলেছেন। এলাকার কিছু ছেলে এই জায়গা বন বিভাগের দাবি করে বন বিভাগের অনুমতি নিয়ে পিচাশের বন পরিষ্কার করছে। আমি দুই পক্ষকে কাগজপত্র দেখাতে বলেছি। না হলে বিষয়টির আইনগতভাবে সমাধান করতে।’ বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ‘এই জায়গা বন বিভাগের। আমরা এখানে এলাকার লোকদের দিয়ে খাসিয়াদের কাছ থেকে জায়গা উদ্ধারের চেষ্টা করছি। পরে জায়গা সামাজিক বনায়ন করার জন্য তাদের (এলাকার লোকদের) দেওয়া হবে। তবে এখনো কাউকে জায়গা দেওয়া হয়নি। এটা প্রক্রিয়াধীন আছে।’কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘যারা এসব করছে, তারা বলছে এই জায়গা নাকি তাদের ফরেস্ট দিয়েছে। এখানে গাছ লাগানো হবে। এখানে তারা (খাসিয়ারা) পাঁচ-সাত বছর ধরে পান চাষ করে না। তবে খাসিয়ারা বলেছে পানের মড়ক লাগলে সেই জায়গা তারা এ রকম কয়েক বছরের জন্য ফেলে রাখে। এখন ফরেস্ট জায়গা দিয়েছে কি না, এ নিয়ে ফরেস্টের সঙ্গে কথা বলতে হবে। আমি তাদের (বন বিভাগ) আসতে বলেছি।’