ইছামতিতে নৌকাবাইচে জনতার ঢল
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ইছামতি নদীতে গত শুক্রবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে।
দোহার, নবাবগঞ্জ ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লক্ষাধিক মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করে। ইছামতির দুই পাড়ে শুভরিয়া থেকে বাহ্রা চরকান্দি পর্যন্ত নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাল্লারা ঘাসি, পানসি ও চৈরা নৌকা প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বাংলার গৌরব, মাসুদ রানা-১ ও ২, খান বাড়ী, রকেট, মোল্লাবাড়ি, তুফানসহ ছোট-বড় প্রায় ২৫টি নৌকা ছিল।
বাহ্রা ইউপির চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদের সভাপতিত্বে নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সুরুজ আলম প্রমুখ।