ইছামতী থেকে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা সীমান্তের ভারতীয় অংশ থেকে গতকাল শনিবার সাহেদ খান (২৫) নামের এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে বিএসএফ। এ ঘটনায় সাহেদের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, উপজেলার বড় বলদিয়া গ্রামের রমজান আলীর ছেলে সাহেদ একটি অতিথি ভবনের তত্ত্বাবধায়ক। তিনি গত শুক্রবার রাতে বাড়িতে আসেন। রাতেই ওই গ্রামের রতনসহ তাঁর তিন বন্ধু তাঁকে ডেকে নিয়ে যান। সারা রাত বাড়িতে না ফেরায় তাঁর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফের মোকামতলা কোম্পানি কমান্ডারকে জানায়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে সীমান্তের ইছামতী নদীর ভারতীয় অংশ থেকে তাঁরা এক যুবকের লাশ উদ্ধার করেছে। পরে বিজিবির সহযোগিতায় রমজান ভারতে গিয়ে তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। লাশের দুই চোখ উপড়ানো এবং মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিজিবির ৩৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনিস জানান, সাহেদের লাশ নিয়ে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্ত শেষে আজ (রোববার) তাঁর লাশ ফেরত দেওয়া হবে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সাহেদের পরিবারের দেওয়া তথ্যানুযায়ী গতকাল সন্ধ্যায় রতন আলী, লাল চাঁদ ও হাসান রেজা নামের তাঁর তিন বন্ধুকে আটক করা হয়েছে।