ইছামতী থেকে বালু তোলায় হুমকির মুখে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজবাড়ি-সংলগ্ন ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। অনুমতি ও নিয়মকানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় নদীর ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজবাড়ি সেতু ও রাজবাড়ি হুমকির মুখে পড়েছে।এলাকাবাসী জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবলীগের কর্মী মোহাম্মদ আলী, হেলাল সিকদার, মো. ইউনুছ ও জামাল উদ্দিনের নেতৃত্বে গত এপ্রিলের শুরু থেকে নদীর রাজবাড়ি সেতুর গোড়ায় দুটি ড্রেজার বসিয়ে রাত-দিন বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে সেতুর গোড়ায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে উজানের পাহাড়ি ঢলে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।রাজবাড়ির তত্ত্বাবধায়ক প্রমতোষ দেওয়ান জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়নে অবস্থিত চাকমারাজার ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘেঁষে ইছামতী নদী প্রবাহিত। ইছামতীর ভাঙন থেকে রাজবাড়ি রক্ষায় প্রতিবছর লাখ টাকা ব্যয় করা হয়। অথচ সেই রাজবাড়ির ১০০ গজের মধ্যে ড্রেজার বসিয়ে ইছামতী নদী থেকে অবাধে বালু তোলা হচ্ছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজবাড়ি এলাকায় ভাঙন দেখা দিতে পারে। বিলীন হতে পারে রাজবাড়ি ও আশপাশের দুই শতাধিক ঘরবাড়ি এবং ফসলি জমি।রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাসান আলী জানান, ইছামতীর ওপর ৩৩০ মিটার দৈর্ঘ্যের রাজবাড়ি সেতুটি গত ৩ এপ্রিল উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনের পর থেকেই সেতুর গোড়ায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। তিনি বলেন, বিষয়টি অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত ৬ মে ড্রেজার দুটি জব্দ করেন। কিন্তু পরের দিনই ড্রেজার দুটি যুবলীগের কর্মীদের হাতে চলে যায়।সরেজমিনে দেখা যায়, ড্রেজার দিয়ে সেতুর গোড়া থেকে বালু উত্তোলনের সময় মোহাম্মদ আলী, মো. ইউনুছ, জামাল উদ্দিনসহ যুবলীগের সাতজন কর্মী পাহারা দিচ্ছেন। ড্রেজারের ছবি তোলার সময় তারা বাধা দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে যুবলীগের কর্মী ইউনুছ বলেন, ‘যতই বলেন, কোনো লাভ নাই। ড্রেজার জব্দ হলে আবার চলে আসবে।’ দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিয়া মুঠোফোনে বলেন, ‘ছেলেপেলেরা তো চুরি করছে না। বালু বিক্রি করে কিছু টাকা-পয়সা কামাচ্ছে, এতে অপরাধ কী।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, জব্দ করা ড্রেজার দুটি ছাড়িয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের কয়েকজন নেতা সুপারিশ করেছিলেন। কিন্তু পরে তাঁরা কীভাবে ফেরত পেয়েছেন তা তিনি জানেন না।