ইছামতী নদী থেকে পা ও মাথাবিহীন অবস্থায় নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে বাঁ পা ও মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার ভাতশালা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামছুদ্দিন জানান, ভাতশালা টহল ক্যাম্প থেকে কিছুটা দূরে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে বিষয়টি দেবহাটা থানাকে জানায় বিজিবি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁ পা ও মাথা না থাকায় লাশের পরিচয় শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি ভারতীয় কোনো নাগরিকের। ইছামতী নদীটি বাংলাদেশ–ভারতের সীমান্তবর্তী হওয়ার ফলে লাশটি নদীতে ফেলে দেওয়ার পর ভাসতে ভাসতে বাংলাদেশ অংশে চলে আসতে পারে। লাশটি উদ্ধারের পর সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।