ইছামতী নদী দখল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
পাবনার বেড়া উপজেলার ইছামতী নদী (হুড়াসাগর নদী) ও বরপিট জলাশয়ে অবৈধ দখল, মাটি ভরাট ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সাত বিবাদীর প্রতি দেওয়া এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গত সোমবার রিট আবেদনটি করেন। গতকাল রিটের পক্ষে তিনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।