ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতী নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের দিন দুই পাড়ের দুই দেশের মানুষ একাত্ম হয়ে যায়। উভয় দেশের প্রতিমা নৌকায় করে ইছামতীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় চলে নানা অনুষ্ঠান।
এবার এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিতে সম্পন্ন করার করার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা প্রশাসকের দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভারতের পক্ষে ১০টি প্রতিমার এবং ৩০টি যাত্রীবাহী নৌকাকে ইছামতী নদীতে প্রতিমা বিসর্জনে অংশ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। বিসর্জন হবে সোমবার। তবে কোনো নৌকাকে নদীর মাঝ বরাবর জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না। ভারতীয় জলসীমার মধ্যে ভারতীয় নৌকা এবং বাংলাদেশ জলসীমায় বাংলাদেশের নৌকাকে ঘোরাফেরা করতে দেওয়া হবে।
প্রশাসন থেকে বলা হয়েছে, এবার যাঁরা প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে নদীর তীরে আসবেন, তাঁদের সবাইকে পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরিচয়পত্র ছাড়া কাউকে নদীর ঘাটের দিকে যেতে দেওয়া হবে না।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মোটরযান টহলদারি চালাবে নদীতে। পাশে থাকবে পুলিশ প্রশাসনের লঞ্চ। এ ছাড়াও থাকবে উদ্ধারকারী দলের মোটর বোট।
মূলত এই বিজয়ার অনুষ্ঠানের মধ্যে উভয় দেশে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেজন্য এই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
প্রতিবছর ইছামতী নদীর প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।