ইছামতী নদীতে ভারতীয় নাগরিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা
ঢাকা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে এক ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কলাকোপা পোদ্দার বাজার খেয়াঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তির নাম কুনাল কুণ্ডু (২৫)। তিনি কলকাতার শিয়ালদহ রেলস্টেশন-সংলগ্ন বেলেঘাটা এলাকার বাসুদেব কুণ্ডুর ছেলে। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

কুনাল সাঁতার জানতেন না বলে নিশ্চিত করেছেন তাঁরই সঙ্গে গোসল করতে নামা অপর ভারতীয় নাগরিক, বন্ধু কুশল কুণ্ডু (২৬)। তাঁদের সঙ্গে ছিলেন আরেক বন্ধু বিশ্বজিৎ সাহা (২৭)। বিশ্বজিৎ সাহার মামার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা রাজারামপুরে বেড়াতে এসেছিলেন তাঁরা।

বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে জানান, ‘গত ২৬ নভেম্বর এক মাসের ভিসায় আমি, আমার মা, কুনাল, কুশল কলাকোপা রাজারামপুরে মামার বাড়িতে বেড়াতে আসি। কুনাল ও কুশল নিকট আত্মীয়। দুপুরে দিকে তিন বন্ধু মিলে ইছামতী নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামি। এ সময় নদীতে ভাটা চলছিল। গোসলের একসময়ে কুনাল ভাটার টানে পানিতে ডুবে যায়। আমাদের দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

খবর পেয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থলে যান ও ডুবুরি দলকে খবর দেন।