ইছামতী নদীতে মিলনমেলা
বিজয়া দশমীতে দুর্গাপ্রতিমা বিসর্জন উপলক্ষে বুধবার সীমান্ত-নদী ইছামতীতে বাংলাদেশের টাউনশ্রীপুর ও ভারতের হাসনাবাদের মোহনায় বসেছিল মিলনমেলা। জাতি-ধর্ম-বর্ণ ভুলে এ নদীতে জড়ো হয়েছিল দুই বাংলার কয়েক হাজার মানুষ।দুই বাংলার মানুষ একসঙ্গে না হতে পারলেও, ভারতের ৪৭ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এন সাধু, বশিরহাট মহকুমা পুলিশ প্রশাসক আনন্দ সরকার ও টাকীর পৌর মেয়র সোমনাথ ব্যানার্জি বাংলাদেশের জলসীমানায় এসে শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ শেখ মুজিবর রহমান, সাতক্ষীরার জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদার, ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বাছির, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। বর্ষীয়ানেরা জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের অনেক আগে থেকেই সীমান্ত নদী ইছামতীর উভয় তীরে দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে মেলা বসে আসছে। দেশভাগের পরও বাধা হয়ে দাঁড়ায়নি সীমান্তের সীমারেখা। মেলায় অংশ নিতে আসা মাগুরার ব্যবসায়ী আবদুর রহমান, নড়াইলের শিক্ষক শিবপদ ঘোষ ও যশোরের কমল রায় জানান, তাঁরা প্রতিবছর এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা হয়। কিন্তু এবার এসে তাঁরা হতাশ হয়েছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ সীমানার বাইরে যেতে দেয়নি।