ইছামতীতে দুই বাংলার মানুষের মিলনমেলা
বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইছামতী নদী পরিণত হয়েছিল দুই বাংলার মানুষের মিলনমেলায়। জাতি-ধর্ম-বর্ণ ভুলে গিয়ে নদীতীরে জড়ো হয়েছিল লাখো মানুষ। ইছামতীর বুক ভরে গিয়েছিল বাংলাদেশ-ভারতের কয়েক হাজার রকমারি নৌকা, ট্রলার, স্পিডবোট ও লঞ্চে। দেবহাটা উপজেলার ইছামতীর তীরের টাউনশ্রীপুর এ মিলনমেলার কেন্দ্রস্থল হলেও তা কালীগঞ্জের বসন্তপুর থেকে সাতক্ষীরার কোমরপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।সাতক্ষীরার সীমান্ত ঘেঁষে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ইছামতী নদী। এপারে বাংলাদেশ ওপারে ভারত।গতকাল দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেবহাটা উপজেলা সদর, টাউনশ্রীপুর ও ভাতশালা এলাকা ঘুরে দেখা গেছে, ইছামতীতে যত দূরে চোখ যায় ভেসে বেড়াচ্ছে শুধু নৌকা, ট্রলার আর লঞ্চ। কোনো জলযানে প্রতিমা ও মানুষ। আবার কোনো কোনোটায় শুধু মানুষ। নদীর তীরে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছে কয়েক লাখ মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নদীর উভয় পারে এবং জলযান নিয়ে নদীতে টহল দিচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও নিরাপত্তা বাহিনী।উভয় দেশের বর্ষীয়ান ব্যক্তিরা জানান, দেশ বিভাগের (১৯৪৭) অনেক আগে থেকেই দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে ইছামতি নদীর উভয় তীরে মেলা বসে আসছে। দেশ বিভাগের পরও বাধা হয়ে দাঁড়ায়নি সীমান্তরেখা। শুধু ইছামতি নদীর পারের মানুষ নয়, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকার মানুষ এ দিনটির অপেক্ষায় থাকে।দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, সকাল নয়টার দিকে আজাহার মাহমুদ, প্রজ্ঞা ও জয় নামের তিনজনকে প্রতিনিধি করে পাঠানো হয় সীমান্তের ওপারে টাঁকিতে। তারা টাঁকি পৌরসভার মেয়র সোমনাথ ব্যানার্জিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। দাওয়াত গ্রহণ করে ইছামতী নদী পার হয়ে বাংলাদেশে আসেন সোমনাথ ব্যানার্জি। এ সময় তাঁর মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশি কাতান শাড়ি ও ইলিশ মাছ পাঠানো হয়।সোমনাথ ব্যানার্জি বলেন, ‘আমাদের সংস্কৃতি এক। আমাদের ভাষা এক। আমরা এ মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। ভ্রাতৃত্ববোধকে করতে চাই আরও অটুট।’ ইছামতীর বাংলাদেশের পারে দাঁড়িয়ে কথা হয় কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৈতালী রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো এখানে এসেছি। দুই বাংলার মানুষের এ মিলনের দৃশ্য দেখে আমি অভিভূত। মনে হচ্ছে এত দিন কেন আসিনি।’স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন যাদবপুর কলেজের অধ্যাপক ও কবি তপন লস্কর। তিনি বলেন, ‘একসময় আমাদের বাড়ি ছিল বাংলাদেশের খুলনায়। নাড়ির টানে প্রতিবছর এ দিনে এখানে আসি। ভালো লাগে।’ সরকারি কর্মকর্তা সুভাষ দাস এসেছেন কলকাতার ব্যারাকপুর থেকে। তাঁর সঙ্গে পরিবারের সবাই। তাঁরা জানান, দেশ বিভাগের আগে দেবহাটার ভাতশালা এলাকায় তাঁদের বাড়ি ছিল। আত্মীয়স্বজন আছে বাংলাদেশে। তাদের সঙ্গে এ সুযোগে দেখা হয়। সব মিলিয়ে সারা বছর এ দিনটির জন্য তাঁরা অপেক্ষায় থাকেন।