ঢাকার দোহার ও নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের সিরাজদিখান ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর পানি অনেক জায়গায় শুকিয়ে গেছে। এতে সরাসরি নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে নদী খননের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। ইছামতী নদীর তীরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পলি জমে ও কচুরিপানার কারণে নদীতে স্রোতের প্রবাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও নদী শুকিয়ে গেছে। ইছামতী নদী দিয়ে একসময় লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচল করত। ধীরে ধীরে এসব নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।সরেজমিনে দেখা যায়, কোনো কোনো জায়গায় নদী প্রায়ই শুকিয়ে গেছে। এ কারণে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর থেকে নবাবগঞ্জের কাশিয়াখালী বেড়িবাঁধ পর্যন্ত ৩৫ কিলোমিটার নৌপথে সরাসরি নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও এক থেকে দেড় কিলোমিটার নৌপথ নৌযান চলাচলের উপযোগী রয়েছে। সেখানে সীমিত আকারে কিছু নৌযান চলাচল করে।এই পরিস্থিতিতে স্থানীয় লোকজন নদী খননের দাবি জানিয়েছেন। নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, ইছামতী নদী ড্রেজিং করা না হলে প্রভাবশালী মহল নদী ভরাট করে দখল করে ফেলবে।স্থানীয় লোকজন জানান, ১৯৭২ সালে কোমরগঞ্জ থেকে মরিচা পর্যন্ত নদীর ১০ কিলোমিটার খনন করা হয়। ১৯৭৭ সালে ইছামতীর নাব্যতা ফিরে আনতে খনন করা হয়। ১৯৯৬ সালে দোহার, নবাবগঞ্জ ও হরিরামপুর উপজেলাকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করার জন্য দোহারের অরঙ্গাবাদ থেকে মানিকগঞ্জের হাটিপাড়া বংখুরী পর্যন্ত ১৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ইছামতী নদীর সঙ্গে পদ্মার সংযোগ বন্ধ হয়ে যায়। ইছামতী নদীতে নাব্যতাসংকট দেখা দেয়। এতে শুকনো মৌসুমে প্রায় ৩৫ কিলোমিটার নৌপথে সরাসরি নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে স্থানীয় ব্যবসায়ীরা নৌপথে স্বল্প খরচে পণ্য পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।বান্দুরা বাজারের ব্যবসায়ী সত্যরঞ্জন হালদার বলেন, সড়কপথে পণ্য পরিবহনে খরচ বেশি। এতে লাভ কম হয়। ব্যবসায়ীরা বলেন, সড়কপথে পণ্য পরিবহনের সময় চাঁদাবাজিসহ নানা ভোগান্তি পোহাতে হয়। নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হলে তাঁরা স্বল্প খরচে নৌপথে পণ্য পরিবহন করতে পারবেন। স্থানীয় লোকজন জানান, ইছামতী নদীর সৈয়দপুর, মরিচা, ভাঙাভিটা, হরিস্কুল, কলাকোপা পোদ্দার বাজার, ধাপারী, গোল্লা, বান্দুরা, নয়ানগর, বারুয়াখালী, শিকারীপাড়াসহ বিভিন্ন স্থানে শুকিয়ে গেছে। কৃষক শফিউদ্দিন বলেন, ইছামতী নদীর বিভিন্ন স্থানে পানি আবদ্ধ হয়ে পড়েছে। ওই আবদ্ধ পানিতে কচুরিপানা পচে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সেচসহ প্রয়োজনীয় কাজ বিঘ্নিত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইছামতীর পানিপ্রবাহ সচল রাখতে পরিকল্পিতভাবে ড্রেজিং করার প্রয়োজন। এ বিষয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে শিগগিরই যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।