ইছামতীতে বাঁধ দিয়ে জাহাজ ভাঙা সমস্যায় জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ এলাকায় শত বছরের পুরোনো ইছামতী খালের মুখ ভরাট করে প্রাইম স্টিল ও রহিম স্টিল নামের দুটি শিপ ব্রেকিং ইয়ার্ড জাহাজ ভাঙছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুখ ভরাটের কারণে খালে পানিপ্রবাহ কমে গেছে। এতে জেলেদের মাছ ধরার নৌকা যাওয়া-আসা করতে পারছে না। জাহানাবাদ ২ নম্বর ওয়ার্ডের শতাধিক জেলে পরিবার খালে বাঁধ দেওয়ার কারণে জীবিকা নির্বাহের সমস্যায় রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। জানা যায়, বছর খানেক আগে ভাটিয়ারীর জাহানাবাদ এলাকায় বঙ্গোপসাগরের পাড়ে প্রাইম স্টিল খালের মুখ ভরাট করে সরু করে ফেলে। পাথর ও মাটি ফেলে এই খাল ভরাট করা হয়। এ ছাড়া কাটার জন্য খালের মুখে একটি পুরোনো জাহাজ ভেড়ানো হয়। এর পর থেকে জোয়ারের সময় ছাড়া ওই খালে পানি থাকে না। অথচ তিন কিলোমিটার দীর্ঘ ওই খাল দিয়ে সীতাকুণ্ড পাহাড় ও আশপাশের এলাকার পানি নিষ্কাশিত হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম বলেন, ‘পাশের রহিম স্টিলের সঙ্গে জায়গা ঠেলাঠেলি করতে গিয়ে এই সমস্যাটা করেছে প্রাইম স্টিল। কখনো রহিম স্টিল প্রাইমের দিকে, কখনো প্রাইম স্টিল রহিম স্টিলের দিকে খালের মুখ ঘুরিয়ে দেয়। এখনো খালের মুখে প্রাইমের একটি ভাঙা জাহাজের কিছু অংশ আছে। এ ছাড়া কিছু পাথর ও লোহার ভাঙা টুকরো ফেলা হয়েছে। এ কারণে খালের মুখ ঘুরে গেছে। আমি খালের মুখ সরাসরি করে দেওয়ার জন্য তাদের বলেছি। প্রাইম সেটা মেনেছে। লোক লাগাবে বলে আমাকে কথা দিয়েছে।’জানা গেছে, খালটির উত্তর পাড়ে প্রাইম স্টিলের অবস্থান এবং দক্ষিণ পাড়ে রয়েছে রহিম স্টিল। রহিম স্টিলের তত্ত্বাবধায়ক মো. আলম বলেন, ‘আমাদের ইয়ার্ড এখন বন্ধ। প্রাইম স্টিল পাথর ফেলে ও মুখে জাহাজ ভিড়িয়ে খালের মুখ বন্ধ করে দিয়েছে।’ খাল ভরাটের কারণে সবচেয়ে সমস্যায় পড়েছেন খালপাড়ের জেলেরা। এ ব্যাপারে তাঁরা উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জাহানাবাদ জেলেপাড়ার প্রবীণ জেলে বংশী জলদাশ বলেন, ‘অনেক দিন ধরে এই খালটির মুখ ভরাট করা হয়েছে। এ কারণে নৌকা নিয়ে সাগরে যাওয়া-আসায় আমাদের খুব সমস্যা হচ্ছে।’ সরেজমিনে দেখা গেছে, জোয়ারের সময়ও ওই খালের মুখ ও ভেতরের অন্তত ৫০ মিটার জুড়ে বিভিন্ন স্থানে পাথর রয়েছে। জেলেরা ভরা জোয়ারের সময়ও বাঁশ দিয়ে পাথরের অবস্থান দেখে দেখে নৌকা পার করছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টা যেহেতু আমি এখন শুনলাম তাই লোক পাঠাব।’ একই অভিমত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেনের। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলে কিংবা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য আমাকে বিষয়টি জানাননি। আমি সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দেখার জন্য আজই বলছি।’অভিযোগ প্রসঙ্গে জানার জন্য ফোন করা হলেও প্রাইম স্টিলের ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলম ফোন ধরেননি।