ইছামতীতে বেড়া দিয়ে মাছ চাষ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীমুর রহমান খান ওরফে পিয়ারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শিকারীপাড়া ইউনিয়নে কাশিয়াখালী বেড়িবাঁধ থেকে শিকারীপাড়া বাজার হয়ে বারুয়াখালী বাজার বাহের চর-বক্তারনগর পর্যন্ত প্রায় চার কিলোমিটারে ইছামতী নদীতে বাঁশ ও জাল দিয়ে আটটি আড়াআড়ি বেড়া দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে এভাবে মাছ চাষ শুরু করেন ইউপির চেয়ারম্যান ও তাঁর লোকজন। এতে নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপাকে পড়েছেন শিকারীপাড়া, বক্তারনগর, দাউদপুর, খানেরপুর, বান্দুরা গ্রামের মৎস্যজীবী ও সাধারণ মানুষ। একই কারণে শাখা খালে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শিকারীপাড়া ইউনিয়নের কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকায় ইছামতীতে অসংখ্য বাঁশ পুঁতে ও জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। সেখানে মাছ চাষের দেখভালের দায়িত্বে থাকা আলীমুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে মরা নদী পুনঃখননের মাধ্যমে আমরা এলাকাবাসীর সঙ্গে মিলে মাছ চাষ করছি।’
শিকরীপাড়া বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘আমরা নদীপথে নৌকায় পণ্য পরিবহন করতাম। এখন নদী আটকে (দখল করে) মাছ চাষ করায় আমাদের ভোগান্তি বেড়ে গেছে।’
ওই বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ক্ষমতার দাপটে আলীমুর রহমান নদী দখল করে মাছ চাষ করছেন। বিআইডব্লিউটিএ লোক দেখানো উচ্ছেদ অভিযান চালালেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয় সাবেক এক জনপ্রতিনিধি বলেন, সম্প্রতি বিআইডব্লিউটিএ নদীর বিভিন্ন অংশে নৌ-চলাচলে প্রতিবন্ধক অপসারণ করেছে। এতে ওই স্থানের তিনটি পয়েন্টে জাল ও বাঁশের বেষ্টনী ভেঙে দেওয়া হয়। নদী দখলমুক্ত করতে গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী, জেলা মৎস্য অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
ইউএনও শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অনেক পুরোনো। নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষের অনুমতি দেওয়ার সুযোগ নেই। আমি সরেজমিনে পরিদর্শন করে ডিসি অফিস ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’