বুদ্ধদেব-দিলীপ বড়ুয়া সাক্ষাৎ
ইছামতীতে সংস্কার শুরু, তিস্তার পানি বণ্টনে স্বার্থরক্ষার আশ্বাস
ভারত ও বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতী নদীতে দ্বিতীয় দফা সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার পিপলি এলাকায় এই খননকাজের উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথমন্ত্রী সুভাষ নস্কর। এদিকে তিস্তার পানি বণ্টনেও বাংলাদেশের স্বার্থরক্ষার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। জানা যায়, পলি জমে ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছরই ইছামতীর তীরবর্তী এলাকায় বন্যা হয়। এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে যায় নদীর তীরবর্তী উভয় দেশের মানুষের বসতঘর। এই পরিস্থিতিতে উভয় দেশ এ নদী সংস্কারের উদ্যোগ নেয়। এ কাজের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ৩৫ কোটি ৬৮ লাখ রুপি বরাদ্দ করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় ইছামতীর পশ্চিমবঙ্গের অংশের গাইঘাটা থানার কালাঞ্চি থেকে কর্ণবেড়িয়া পর্যন্ত খনন করা হবে। এর আগে গত ১৯ মার্চ গাইঘাটা থানার চকঝাউডাঙ্গায় শুরু হয় নদী সংস্কারের প্রথম দফার কাজ। এ কাজ উদ্বোধনের সময় বাংলাদেশের পক্ষে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোতাহার হোসেন ও ভারতের পক্ষে রাজ্য সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন্ত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ।বুদ্ধদেব-দিলীপ বড়ুয়া সাক্ষাত্: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কলকাতায় মহাকরণে (পশ্চিমবঙ্গের সচিবালয়) রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় শিল্পমন্ত্রী তিস্তার পানি বণ্টনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলেন। মুখ্যমন্ত্রী বাংলাদেশের শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তিস্তার পানি বণ্টনে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ভারতের সঙ্গে সীমান্ত-বাণিজ্য আরও বাড়ানো এবং সীমান্তে বিভিন্ন হাট খোলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দেন। পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে দিলীপ বড়ুয়া বলেন, তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ-সুবিধা দেওয়া হবে। দিলীপ বড়ুয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী যৌথভাবে পালন এবং পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যাতে দেখতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের উপসচিব জাবেদ মোস্তফা প্রমুখ।