ইছামতীতে ১০টি ড্রেজারে বালু উত্তোলন, বাড়ছে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদীর তিন কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তিন কিলোমিটার এলাকায় ভাঙন বেড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে একটি সেতু। ক্ষতিগ্রস্ত শতাধিক এলাকাবাসী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেছেন।এলাকাবাসী জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া গ্রামের মো. সৈয়দ, বাচা মিয়া, সামশুল আলম ও খোকন; ইউনুছ পাড়ার মো. আলী এবং সিকদারপাড়ার হেলাল সিকদার গত এপ্রিল মাস থেকে ইছামতী নদীর রাজবাড়ি সেতুর গোড়ায় দুটি ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন। সেতুর আধাকিলোমিটার দক্ষিণে হোছনাবাদ ইউনিয়নের আজিজতালুক গ্রামের মো. শফি, বখতেয়ার ও আমিনুর রহমান বালু তুলছেন তিনটি ড্রেজার দিয়ে। এর আধাকিলোমিটার দক্ষিণে স্বনির্ভর ইউনিয়নের পেয়ার মোহাম্মদপাড়ার হারুন, এয়াকুব ও আইয়ুব এবং ফকিরাঘোনা গ্রামের মজিবুর রহমান সওদাগরপাড়া জামে মসজিদসংলগ্ন নদীতে তিনটি ড্রেজার বসিয়ে বালু তুলছেন। আরও ৩০০ মিটার দক্ষিণে একই ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের ইসমাইল হোসেন মউতপাড়া গ্রামে নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে দুটি ড্রেজার বসিয়ে বালু তুলছেন। এ ছাড়া পৌরসভার দৈবকীনন্দন এলাকায় নজরুল ইসলাম একটি ড্রেজার বসিয়ে বালু তুলছেন। বালু উত্তোলনের ফলে রাজবাড়ি সেতুর গোড়া থেকে ইছামতী নদীর তিন কিলোমিটার এলাকায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে।দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস ছালাম সিকদার জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়নে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহাসিক চাকমা রাজার রাজবাড়ির ১০০ গজের মধ্যে ইছামতী নদী অবস্থিত। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে নদীর ওপর নির্মিত রাজবাড়ি সেতুর দুই পাশ থেকে বালু তোলায় তলদেশে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এতে সেতুটি ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া খাদের কারণে রাজবাড়ি এলাকায় শুরু হয়েছে নদীভাঙন। গত আগস্ট মাসে আশপাশের প্রায় ১৩-১৪টি ঘর ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দক্ষিণ রাজানগর ইউনিয়নের তিন গ্রামের দুই শতাধিক বসতঘর ভাঙনের মুখে পড়েছে। পারুয়া ইউনিয়নের মউতপাড়া ও স্বনির্ভর ইউনিয়নের পেয়ার মোহাম্মদপাড়া থেকে শান্তিনিকেতন এলাকা পর্যন্ত ৩০ থেকে ৩২টি পানের বরজসহ ১৫০ একর জমির সবজিখেত বিলীন হয়ে গেছে।যোগাযোগ করা হলে মো. সৈয়দ, মো. শফি, বখতেয়ার ও আমিনুর রহমান নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, দল ক্ষমতায়। অথচ তাঁরা বেকার। এ অবস্থায় নদী থেকে বালু তুলে বিক্রি করে ভাত খাচ্ছেন। হারুন, আইয়ুব ও মুজিবর রহমান বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি নেতারা বালু তুলে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তখন কেউ কিছু বলেননি। তাঁরা আওয়ামী লীগ করেন বলেই কি বালু তোলা অপরাধ? ইসমাইল হোসেন বলেন, নদীর বালু সরকারের। সরকারি দলের কর্মী হিসেবে তিনি বালু তুলছেন। নজরুল ইসলাম বলেন, লাভের আশায় তিনি বালু তুলে বিক্রি করছেন।দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বালু উত্তোলনকারীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ফলে এলাকার মানুষ তাঁদের বাধা দেওয়ার সাহস করছেন না। অথচ তাঁরা দলের কেউ নন।ইউএনও তানভীর আজম সিদ্দিকী জানান, ইছামতী নদীর রানীরহাটে একটি মহাল ইজারা দেওয়া হয়েছে। মহাল থেকে ড্রেজার দিয়ে বালু তোলার নিয়ম নেই। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গভীর খাদের সৃষ্টি হয়েছে। নদীভাঙনও বেড়েছে। বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে।