ইছামতীর কচুরিপানায় মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মধ্যে রশি টানাটানির কারণে ইছামতী নদীতে জমে থাকা কচুরিপানা এক বছর ধরে অপসারণ করা হচ্ছে না। এ কারণে ভোগান্তি পোহাচ্ছে পাবনার সাঁথিয়া উপজেলার অন্তত ১০টি গ্রামের মানুষ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে পাউবো ইছামতীর ৪২ কিলোমিটার অংশ পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের প্রধান সেচখালে রূপান্তরিত করে। দুই পারের বাসিন্দারা সেচ ও গৃহস্থালির কাজে এর পানি ব্যবহার করতেন। কিন্তু কচুরিপানার কারণে কয়েক বছর ধরে তাঁরা পানি ব্যবহার করতে পারছেন না। তা ছাড়া কচুরিপানার কারণে নৌচলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে।দৌলতপুর মহল্লার মামুন মিয়া বলেন, ‘আগে এই নদীর পানি দিয়ে রান্না ও গৃহস্থালির কাজ চলত। কিন্তু এখন পানি গন্ধ হয়া যাওয়ায় সে উপায় নাই। কচুরিপানা ঠিকমতো সাফ করলি আমাগরে পানি নিয়্যা এত কষ্ট হতো না।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাউবোর নীতিমালা অনুযায়ী সেচখালের যাবতীয় ভাসমান ও ভেতরের আগাছা পরিষ্কার রাখার দায়িত্ব তাদের। বিগত বছরগুলোতে সেচখালের কচুরিপানাসহ আগাছা পরিষ্কার বাবদ পাউবো লাখ লাখ টাকা ব্যয় করেছে। এমনকি গত বছরেও কচুরিপানা অপসারণ বাবদ নয় লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। কিন্তু আগের মতোই কচুরিপানা রয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যেনতেনভাবে বিচ্ছিন্ন কিছু এলাকা থেকে কচুরিপানা অপসারণ করে এ বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয় দেখানো হয়।পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান জানান, প্রধান সেচখালটি (ইছামতী) ইজারা দিয়ে রাজস্ব আদায় করে জেলা প্রশাসন। কাজেই কচুরিপানা অপসারণের দায়িত্ব তাদেরই। পাউবোর দায়িত্ব খালের বাঁধ রক্ষণাবেক্ষণ ও ঠিকমতো পানি প্রবাহিত হচ্ছে কি না তা দেখা। কচুরিপানার জন্য পানিপ্রবাহের কোনো সমস্যা হচ্ছে না। আর কচুরিপানা অপসারণ বাবদ কোনো অর্থ বরাদ্দও নেই। তবে গত বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সুপারিশে এ বাবদ নয় লাখ টাকা পাওয়ায় তা দিয়ে কচুরিপানা অপসারণ করানো হয়েছিল। এতে কোনো অনিয়ম হয়নি।সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন ইজারা দিলেও সেচখাল দেখভালের দায়িত্ব পাউবোর। কাজেই জেলা প্রশাসন নয়, কচুরিপানা অপসারণের দায়িত্ব পাউবোর।