ইছামতীর খননকাজ পরিদর্শন করেছে যৌথ নদী কমিশন
ভারত ও বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতী নদী খননকাজের অগ্রগতি সরেজমিনে দেখতে গতকাল সোমবার দুটি দেশের নদী কমিশনের সদস্যরা খনন এলাকা পরিদর্শন করেছেন। এ জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে এসেছেন। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ ওয়াহিদুজ্জামান। অন্য ব্যক্তিরা হলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মো. ইমরান, যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল চন্দ্র সাহা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল ওয়াদুদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন নদী কমিশনার এস পি কাকরাণ। ছিলেন পানি উন্নয়ন সচিবসহ অন্য নেতারা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার পিপলিতে গত ২৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই ইছামতী নদীর খননকাজ শুরু হয়। গাইঘাটা থানার কালাঞ্চি থেকে কর্ণবেড়িয়া পর্যন্ত ২১ কিলোমিটার নদীপথ খননকাজ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সেচ ও জলপথমন্ত্রী সুভাষ নস্কর। এটি সম্পন্ন হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে হবে এ বছর কর্ণবেড়িয়া থেকে পিপলি পর্যন্ত। বাকিটা আগামী বছর।