ইছামতীর চরে আজ বসবে মিলনমেলা
বিজয়া দশমীতে দুর্গাপ্রতিমা বিসর্জন উপলক্ষে আজ বুধবার সীমানা মুছে কয়েক ঘণ্টার জন্য মেলা বসবে সীমান্ত নদী ইছামতীর চরে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মেলাটি পরিণত হয় দুই বাংলার মানুষের মিলনমেলায়। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতীর দুই তীরে ১০ কিলোমিটারজুড়ে বসবে মেলা।আজ সকাল ১০টা থেকে মেলার এই প্রক্রিয়া শুরু হলেও মূলত জমে উঠবে বেলা দুইটা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। গত সোমবার সীমান্ত নদী ইছামতী জিরো পয়েন্টে বাংলাদেশের সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল ও ভারতের পশ্চিম বাংলার বশিরহাট মহকুমার টাকী পৌরসভার মেয়র সোমনাথ ব্যানার্জির নেতৃত্বে একটি দল মেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে।দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, দেশ বিভাগের আগে থেকে ইছামতী নদীতে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন উপলক্ষে মেলা বসত। দেশ বিভাগের পরও তা বাধা হয়ে দাঁড়ায়নি। এর ধারাবাহিকতায় ইছামতী নদীতে প্রতিবছর বাংলাদেশের পাশে টাউনশ্রীপুরে ও ভারতের পাশে টাকীতে এই মেলা হয়ে আসছে। গতকাল ইছামতীর বাংলাদেশের পারে দুপুরের পর থেকে গানের অনুষ্ঠানের পাশাপাশি চলবে আড্ডাও। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু দাউদ জানান, ইতিমধ্যে বাংলাদেশের পারে মঞ্চ করা হয়েছে অতিথিদের জন্য। প্রস্তুতি নেওয়া হয়েছে সব ধরনের। সাতক্ষীরার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিরা মেলায় অংশ নেবেন। নদীতে বাংলদেশের জলসীমানা টহলে থাকবেন বিডিআর, পুলিশ ও আনসার সদস্যরা। ভারতের পাশে টহলে থাকবেন পুলিশ ও বিএসএফের সদস্যরা। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, কেউ যাতে সীমান্ত অতিক্রম না করে, এ জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া ও প্রচার চালানো হচ্ছে।